এমএনএ জাতীয় ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (৫ জুলাই) রাত ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।
সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার জন্য আমাদের সবার সঙ্গে বসতে হবে। আমরা সকল সমন্বয়ক কমিটির সঙ্গে আলোচনা করব, নাগরিক সমাজ, রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব, রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। তবে নির্দিষ্ট কাদের সঙ্গে বসব তা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়া হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায় সে জন্য ছাত্র-জনতাকে রাজপথেই থাকতে হবে। এসময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে সকল রাজবন্দির মুক্তিও দাবি করেন। এসময় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানান তিনি।
গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।
অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে পারে। রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি যেন না হয় সে জন্য রাজপথে ছাত্র-জনতাকে থাকার আহ্বান জানান তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
