এমএনএ রিপোর্ট : সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোরশেদ খান, স্ত্রী নাসরিন খান ও ভাই আজগর কবিরসহ ১৩ আসামিকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।
চার সপ্তাহের জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলায় এবি ব্যাংকের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তাও একই সময়ের জন্য জামিন পেয়েছেন।
মোরশেদ খান, তাঁর স্ত্রী, ভাইসহ ১৩ জন আজ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আবেদনগুলো নিষ্পত্তি করে আদেশ দেন আদালত।
সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে রাজধানীর বনানী থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২৮ জুন মামলা করে।
ওই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান, সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহবুব চৌধুরী, এবি ব্যাংকের সাবেক ও বর্তমান এমডিসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
আদালতে মোরশেদ খান পরিবারের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মনজুরুল হক। ১০ কর্মকর্তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ বাহারুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে শাহ মনজুরুল হক বলেন, মোরশেদ খান, তাঁর স্ত্রী ও ভাইকে আদালত চার সপ্তাহের আগাম জামিন দিয়ে তাঁদের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।
১০ কর্মকর্তার আইনজীবী শেখ বাহরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাঁদের (১০ কর্মকর্তা) চার সপ্তাহের মধ্যে জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই সময় তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে এম মোরশেদ খানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ও এবি ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

