Don't Miss
Home / শিক্ষাঙ্গন / আজ থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু

আজ থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু

এমএনএ রিপোর্ট : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সোমবার থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার তত্ত্বীয় পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে রবিবার এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে।
মোট ৩০ কর্মদিবস লাগছে এবারের পরীক্ষায়। তবে এর ব্যাপ্তিকাল ৪৩ দিন। ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ১টি কারিগরি শিক্ষা বোর্ড ও একটি মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেয়া হচ্ছে।
প্রথমদিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, মাদ্রাসায় আলিমে কুরআন মাজিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে নিজ নিজ সিটে বসতে হবে।
চলতি বছর ৮ হাজার ৯৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬,৯২,৬৭৩০ জন ছেলে এবং ৬,১৮,৭২৭ জন মেয়ে।
এর মধ্যে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন এইচএসসি পরীক্ষার্থী। মাদ্রাসার আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের এইচএসসি বিএমে ১১৭৭৫৪ জন আছে।
ঢাকা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ৯৬৯ জন আছে। দেশে-বিদেশে ২ হাজার ৫৪১টি কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে। সারা দেশের ৮৯৪৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪৪৫১টি কলেজ, ২৭০০টি মাদ্রাসা, ১৭৭৪টি কারিগরি এবং ১৮টি কমার্শিয়াল ইন্সটিটিউট।
২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১,২৭,৭৭১ জন, বৃদ্ধির হার ১০.৭৯%। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৪৪টি।
আর এবার পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া প্রশ্ন ফাঁস রোধে গত ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ (পঁচিশ) মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতিত অন্য কেহ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
সূত্র জানায়, দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে তার অভিভাবক/শিক্ষক/সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
পরীক্ষার প্রশ্নফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় দৃশ্য-অদৃশ্য নানা পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা সংক্রান্ত অপরাধ দমনে ইতিমধ্যে নয় দফা নির্দেশনা পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পৃথকভাবে পাঠানো হয়েছে আরও কয়েক দফা। নিরাপত্তার লক্ষ্যে প্রথমবারের জন্য ডাবল প্যাকেটে প্রশ্ন পাঠানো হয়েছে।
এর মধ্যে ওপরের প্যাকেটে বিশেষ সিকিউরিটি টেপ এবং ভেতরেরটিতে আগের মতোই সিলগালা লাগানো হয়েছে। এতকিছুর পরও ইতিমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের বিজ্ঞাপন প্রচার চলছে। চলছে ফল পরিবর্তনের বিজ্ঞাপন। এ কারণে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে নানা উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
অবশ্য প্রশ্নপত্রের শতভাগ সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থী এবং অভিভাবকদের আমরা আশ্বস্ত করছি যে, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।
দুষ্কৃতকারীরা কোনো ফাঁকফোকর খুঁজে পাবে না। আমাদের গোয়েন্দা বাহিনী খুবই তৎপর। সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত এবং প্রশ্নফাঁসবিহীন পরীক্ষা অনুষ্ঠানে আমরা খুবই কঠোর থাকব। থাকবে কঠোর নিরাপত্তা। পরীক্ষার্থীরা অনুকূল পরিবেশেই পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য কোনো ভীতি সঞ্চার হবে না।’
এদিকে প্রশ্নফাঁস ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কর্মসূচিস্থল থেকে সংস্থাটি প্রশ্নফাঁস রোধে বহুনির্বাচনী প্রশ্নব্যবস্থা ক্রমান্বয়ে তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নসহ ৯ দফা সুপারিশ তুলে ধরেছে।
x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...