Don't Miss
Home / সারাদেশ / আজ থেকে মিলবে ট্রেনের আগাম টিকিট

আজ থেকে মিলবে ট্রেনের আগাম টিকিট

এমএনএ রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে, চলবে ২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে, চলবে ৯ আগস্ট পর্যন্ত। এবারও রাজধানীর পাঁচটি স্থান থেকে রেলের আগাম টিকিট বিক্রি হবে। একেক স্টেশনে একেক এলাকার টিকিট মিলবে।

জানা গেছে, কমলাপুর স্টেশন থেকে বিক্রি হবে পশ্চিমাঞ্চলগামী ট্রেন ভায়া যমুনা সেতু, বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সকল আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেন, ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে বিক্রি হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকিট বিক্রি চলবে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের আগাম টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলসূত্র জানায়, রাজধানীর পাঁচটি স্টেশন কাউন্টারে শিডিউল ট্রেনের মোট আসনসংখ্যা ২৬ হাজার ৫০০টি। এ আসনের অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক অনলাইনে বিক্রি হবে। স্পেশাল ট্রেনের কোনো টিকিট মোবাইল অ্যাপে পাওয়া যাবে না। শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আজ (২৯ জুলাই) যারা টিকিট সংগ্রহ করবেন তারা ৭ আগস্ট, যারা ৩০ জুলাই সংগ্রহ করবেন তারা ৮ আগস্ট, যারা ৩১ জুলাই সংগ্রহ করবেন তারা ৯ আগস্ট, যারা ১ আগস্ট সংগ্রহ করবেন তারা ১০ আগস্ট, যারা ২ আগস্ট সংগ্রহ করবেন তারা ১১ আগস্ট ভ্রমণের সুযোগ পাবেন।

অপরদিকে ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট, যারা ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্ট ভ্রমণ করতে পারবেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিটি বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। ঈদ উপলক্ষে ১৪৩৭টি যাত্রীবাহী কোচ এবং মোট ২২৬টি লোকোমোটিভ সার্ভিস চালু থাকবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল জানিয়েছেন, কমলাপুর রেল স্টেশনের ২০টি কাউন্টারের মধ্যে আগাম টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে ১০টি কাউন্টার। আর ১০টি কাউন্টার থেকে নিয়মিত যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...