এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : আন্ত:বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ‘থার্স্ট অপটিমিস্ট ২.০’ এ চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মেহেদি হাসান।রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত চারদিনের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব জুম অ্যাপে অনুষ্ঠিত হয় শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টায়।
ফাইনালে রুয়েট শিক্ষার্থী মেহেদি হাসান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহসিন হাবিব, তৃতীয় খুলনা মেডিকেল কলেজের শাহরিয়া জামান সিফাত, চতুর্থ ও পঞ্চম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হেলাল উদ্দিন ও ইমরান হোসেন।
বিজয়ীরা নগদ ১০ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকার পুরস্কার পাবেন। চ্যাম্পিয়ন মেহেদি হাসান তিন হাজার টাকা এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগীরা যথাক্রমে ২৫০০ টাকা, ২০০০ টাকা, ১৫০০ টাকা এবং ১০০০ টাকা পাবেন। প্রতিযোগিতায় সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রুবাইয়া শারমিন ঐশি ও বুটেক্সের অর্চি অনুপমা রায়। সেরা কন্ট্রিবিউটর নির্বাচিত হয়েছেন খুবির আবু সাইদ ইমরান ও ফাতিমা রহমান মিমি।
গত ৩০ অক্টোবর প্রিলিমিনারি রাউন্ডের মধ্য দিয়ে ৪ পর্বের এ কুইজ প্রতিযোগিতা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে এ প্রতিযোগিতা ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিযোগিতার সেমিফাইনাল ও ও ফাইনাল রাউন্ড জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দেশের সব সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল এবং ডেন্টাল কলেজের প্রায় ১২০০ শিক্ষার্থী।
প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। তিনিই বিজয়ীর নাম ঘোষণা করেন। সবশেষে প্রফেসর মো. শরীফ হাসান লিমন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষতেও তাদেরকে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার আহ্বান জানান। সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি আবু সুফিয়ান, ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান শুভাশিস ভট্টাচার্য (মলয়), রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির চাটার্ড প্রেসিডেন্ট এটিএম কামরুজ্জামান অপু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ (ডিআরআর) মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে অনলাইন ভাউচার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। এছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য International Journal of Multidisciplinary Informative Research and Review (IJMIRR) এ ৫০% ডিসকাউন্টে রিসার্চ পেপার পাবলিশের সুযোগ থাকছে। পাশাপাশি ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘বহুব্রীহি’ থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে কোর্স করার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আন্ত:বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা আয়োজক কমিটির চেয়ারম্যান মো. মহিবুল হাসান মুনশাদ এবং সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

