Don't Miss
Home / আজকের সংবাদ / আপনি বঙ্গবন্ধুর মেয়ে, আপনার নাতনির নামও সোফিয়া
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি যন্ত্রমানবী সোফিয়ার সঙ্গে কথা বলেন।

আপনি বঙ্গবন্ধুর মেয়ে, আপনার নাতনির নামও সোফিয়া

এমএনএ রিপোর্ট : আপনি বঙ্গবন্ধুর মেয়ে, আপনার নাতনির নামও সোফিয়া- জানিয়ে পৃথিবীর প্রথম যন্ত্রমানবী সোফিয়ার সাথে এমন কথোপকথনের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী বক্তৃতা পর্ব শেষে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্বের প্রথম রোবট ‘সোফিয়া’র সঙ্গে কথোপকথনের পর ট্যাব চেপে আনুষ্ঠানিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক এ মেগা ইভেন্ট উদ্বোধন করেন।
হ্যালো সোফিয়া কেমন আছে—প্রথমে জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে যন্ত্রমানবী সোফিয়া বলে, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি ভালো আছি। আমি গর্বিত। আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়া দারুণ ব্যাপার।’
এরপর ‘তুমি আমাকে কীভাবে চিনলে—প্রধানমন্ত্রীর এ প্রশ্নের জবাবে ‘সোফিয়া’ বলে, ‘আমি জানি, আপনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আপনি মাদার অব হিউম্যানিটি ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আপনার নাতনির নামও সোফিয়া।’
প্রধানমন্ত্রী তখন উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, জয়ের (প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়) মেয়ের নাম সোফিয়া।’ হলুদ-সাদা রঙের জামদানির পোশাক পরা সোফিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর ইংরেজিতে কথোপকথন চলে।
‘ডিজিটাল ওয়ার্ল্ড’র উদ্বোধন ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার পর ডাকা হয় যন্ত্রমানবী ‘সোফিয়াকে’। হলুদ জামদানির টপ ও স্কার্ট পরা ‘সোফিয়া’ মঞ্চে আসার পর দুজনের মধ্যে ইংরেজিতে কথোপকথন হয়।
প্রধানমন্ত্রী ও হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অড্রে হেপবার্নের আদলে গড়া যন্ত্রমানবী সোফিয়ার কথোপকথনের পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য লেজার শো। সেই বিখ্যাত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নও বাংলাদেশে এসেছিলেন। ১৯৮৯ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এসে প্রায় এক সপ্তাহ ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং বাংলাদেশ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি মোস্তফা জব্বার। আইসিটি মন্ত্রণালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনিতিকবৃন্দ, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং কম্পিউটার খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
কয়েকটি আইটি সংগঠনের সহযোগিতায় আইসিটি বিভাগ ও বেসিস ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর আয়োজন করেছে। চার দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘রেডি ফর টুমরো’। ৯ ডিসেম্বর পর্যন্ত মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে কোনো টিকিট লাগবে না, তবে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। মেলা প্রাঙ্গণেও নিবন্ধন করার সুযোগ থাকছে।
‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হবে। গেমিং সম্মেলন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি, ই-কমার্স সম্প্রসারণ বিষয়ক সেমিনারসহ মেলায় প্রতিদিন অনুষ্ঠেয় বিভিন্ন সেমিনারে তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
তথ্যপ্রযুক্তির এ মেগা ইভেন্টে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না, তবে ওয়েবসাইটে (www.digitalworld.org.bd) নিবন্ধন করতে হবে। মেলা প্রাঙ্গণেও রয়েছে নিবন্ধনের সুযোগ।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...