এমএনএ বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মুম্বাইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মুখোমুখি হয়ে বলেছেন ‘আমি মাদক নেইনি’। সকালে এনসিবি’র দফতরে মাদক কাণ্ডে হাজিরা দিতে মুম্বাইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে যান দীপিকা পাড়ুকোন। দীপিকাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হয়।
শনিবার সকালে এনসিবি দফতরে পৌঁছে যান তিনি। তবে এসময় স্বামী রণবীর সিংকে তার সঙ্গে দেখা যায়নি। ওই একই মামলায় এদিন এনসিবির দফতরে হাজিরা দেওয়ার কথা আছে অন্য দুই অভিনেতা সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরেরও। তাদের বালাড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
এদিকে, গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রায় সাত ঘণ্টা জেরা করা হয় দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও। তাকে আজ শনিবারও ফের ডাকা হয়েছে। শোনা যাচ্ছে, দীপিকা আর কারিশমাকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনসিবি।
বলিউড আর মাদকের সম্পর্ক যে কতটা গভীর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকাল শুক্রবার পরপর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতে থাকে এনসিবির দফতর থেকে।
নারকোটিক্স ব্যুরো জানিয়ে দেয়, বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকা পাড়ুকোন। তিনিই ওই মাদক গ্রুপ তৈরি করে নানা সদস্যকে যোগ করেছিলেন। দীপিকা ও সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা গ্রুপের আরেক অ্যাডমিন। দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ ছিলেন গ্রুপের অন্যতম সদস্য।
সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে পরপর তিনদিন জেরা করেছে এনসিবি। এদিকে, জয়া নাকি নানা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট এনসিবিকে দেখিয়ে মাদক সরবরাহের পদ্ধতি খোলসা করেছেন। জয়ার দাবি, তারকাদের মাদক জোগানোর কাজটা করতেন কারিশমা। তার এবং দীপিকার মাদকযোগ কত গভীর, দীপিকার জেরার পরে আরও স্পষ্ট হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

