আমি যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি : খালেদা
Posted by: News Desk
February 7, 2018
এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সন্মেলনে বলেছেন, মিথ্যা মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। আমি বেকসুর খালাস পাবো। আমি যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি। আমাকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
জিয়া এতিমখানার তহবিল কোনো দুর্নীতি হয়নি দাবি করে এই মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আদালতে রায়ের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, আদালত রায় দেওয়ার বহু আগেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, ‘আমার জেল হবে’। যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করে দিচ্ছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার ‘চাপের মুখে’ পদত্যাগের বিষয়টি তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেছেন, আদালত চাপ উপেক্ষা করে রায় দিতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি।
ন্যায়বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।
তাকে নির্বাচন থেকে বাইরে রাখতেই এই মামলায় ‘সাজানো রায়’ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন খালেদা।
আমাকে রাজনীতি ও নির্বাচনের ময়দান থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করা হচ্ছে।
তাকে মামলায় ফাঁসাতে ভুয়া কাগজপত্র তৈরি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এই মামলা যারা দায়ের করেছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ। যারা এই মামলা দায়েরের নির্দেশ দিয়েছে, তাদের সাজা হওয়া উচিৎ।
সরকারকে হুঁশিয়ার করে খালেদা বলেন, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তত। জেল বা সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করব না।
তাদের খালি মাঠে গোল দেওয়া এবং একদলীয় শাসন দীর্ঘায়িত করার খায়েস পূরণ হবে বলে আমি মনে করি না।
বিকালে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারপারসন।
খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, খন্দকার মাহবুব হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন তাদের নেত্রীর সঙ্গে।
পুরান ঢাকার বকশীবাজারের আদালতে জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ের দিন ঠিক হওয়ার পর দফায় দফায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সিলেটে মাজার জিয়ারত করে আসার পর সংবাদ সম্মেলনে আসেন খালেদা।
এই রায় নিয়ে পাল্টাপাল্টি কথার উত্তেজনায় ইতোমধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে জনমনে; পাশাপাশি যে কোনো নাশকতার চেষ্টা ঠেকাতে পুলিশের তৎপরতা উদ্বেগ আরও বাড়িয়েছে।
সংবাদ সম্মেলনে খালেদা বলেন, আমার বিরুদ্ধে এক মিথ্যা মামলায় আগামীকাল রায় হবে। এই রায়কে কেন্দ্র করে শাসক দল আমাদের চেয়ে ভীত হয়ে প্রতিবাদের অধিকার, মিছিলের অধিকার প্রশাসনিক নির্দেশে বন্ধ করেছে।
জনগণের প্রতিবাদের ভয়ে ভীত হয়ে হীন পথ খুঁজে নিয়েছে এই অবৈধ সরকার। সারাদেশে তারা বিভীষিকা ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
রায় বিপক্ষে গেলে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের ইঙ্গিত দেন বিএনপি চেয়ারপারসন।
দেশবাসীর প্রতি আমাদের আবেদন, আমি আপনাদের সঙ্গেই আছি। দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য, আপনাদের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, যারা গানপাউডার ছিটিয়ে আগুন দিয়ে বাস যাত্রী পুড়িয়ে মারে, যারা আন্দোলনের নামে বাসে আগুন, পেট্রোল পাম্পে আগুন, রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে, তারাই আজ আমাদের বিরুদ্ধে মামলা করছে।
আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। সারাদেশে প্রকাশ্যে সন্ত্রাস করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে আলোচনায় বসতে আবারও আহ্বান জানান খালেদা।
এখনও আমরা আশা করে বসে আছি, আওয়ামী লীগের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে। আসুন আলোচনা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি।
তৈরি জন্য যেকোনো পরিস্থিতির আছি আমি খালেদা 2018-02-07