এমএনএ রিপোর্ট : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই চিঠির জবাব দেবেন বলে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সবই তো আছে। আমি রাস্তার লোক নই? আমি দায়িত্ব নিয়ে কথা বলেছি এবং দায়িত্ব নিয়েই কথার জবাবও দেব মন্ত্রণালয়ে।’
আজ শুক্রবার বিকেলে নগরের মুসলিম হলে এক্স ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন, ‘যা বলেছি তার প্রমাণ আমার কাছে আছে। আমি রাস্তার লোক নই। আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি, বলব।’
অভিযোগের প্রমাণ চেয়ে মন্ত্রণালয়ের দেওয়া চিঠি পেয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আজ (শুক্রবার) সকালে ঢাকা থেকে ফিরেছি। আজ অফিস বন্ধ। কালও বন্ধ। খোলার দিন অফিসে যাব। গিয়ে দেখব। দেখে অফিসিয়ালি যা করার, তাই করব। সাত দিনের মধ্যে অবশ্যই চিঠির জবাব দেব।’
কোন মন্ত্রণালয় কোন প্রকল্পে ঘুষ দাবি ও কোন যুগ্ম সচিব পাজেরো জিপ চেয়েছেন জানতে চাইলে সিটি মেয়র বলেন, ‘যখন উত্তর দেব, সেখানে সব থাকবে। সে পর্যন্ত একটু অপেক্ষা করুন।’
ঘুষ না দেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনে বরাদ্দ কম দেওয়া হয়েছে- গত বুধবার দেওয়া মেয়র আ জ ম নাছিরের এমন বক্তব্যে দু’দিন ধরে আলোচনা চলছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে তার অভিযোগের প্রমাণ দাখিল করতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।
আজ শুক্রবার মেয়র নাছির আরও বলেন, ‘আমি দায়িত্বশীল লোক। দায়িত্বশীল পদে আছি। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে এ শহরের দায়িত্বভার দিয়েছেন। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার তার নিজের। তার পক্ষ হয়ে উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করছি। উন্নয়ন নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমি জীবন দিয়ে হলেও উন্নয়ন কাজ বাস্তবায়ন করব।’
মেয়রের দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব পালনে চুল পরিমাণ কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। শতভাগ স্বচ্ছতা, সততা ও জবাবদিহির মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করে নগরবাসীর আস্থা অর্জন করেছি। নগরবাসীর প্রত্যাশা আমার ওপর অনেক বেশি। এ প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব।’
তার বক্তব্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাকে তিনি অপরাধীদের প্রশ্রয় দেওয়া বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘কেউ যদি এ নিয়ে প্রশ্নের অবতারণা করে তা হলে আমি মনে করব, অপরাধ কর্মকাণ্ড যারা করে তাদের রক্ষা করা বা আড়াল করা। অপরাধ যে করবে সে অপরাধী। আমি করলে আমিও অপরাধী। আমিও আইনের ঊর্ধ্বে নই।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

