আ’লীগের মনোনয়নপত্র কিনলেন অ্যাটর্নি জেনারেল
Posted by: News Desk
November 10, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে মনোনয়নপত্র কিনেন তিনি। দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে জানান, মুন্সীগঞ্জ-২ আসনের জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকে দেখতে চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি। আজ শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি দলীয় মনোনয়ন পাবো।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে মনোনয়ন পেলে বিতর্কের ঊর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব। যাতে সব ধরনের বিতর্কের উর্ধ্বে থাকা যায়। পাশাপাশি এবারের প্রেক্ষাপট অনুযায়ী দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমিই নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।
আ'লীগের কিনলেন অ্যাটর্নি মনোনয়নপত্র জেনারেল 2018-11-10