আ’লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি
Posted by: News Desk
November 11, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ রবিবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি। নড়াইল-২ আসনে প্রার্থী হতে চান তিনি।
এই আসন থেকে দশম সংসদের সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান।
পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চাই।’
মনোনয়ন ফরম সংগ্রহের আগে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ছুঁয়ে সালাম করে দোয়া নেন। এসময় তার সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও প্রমুখ।
মাশরাফির সঙ্গে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
তবে গতরাতে সাকিব গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।
গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।
মাশরাফি আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন—এমন খবরে আগে থেকেই তাঁর সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আজ সকালে মনোনয়ন ফরম নেয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার প্রার্থী হওয়ার বিষয়টা দীর্ঘ দিন ধরেই ভাবা হচ্ছে।
সাকিবকে খেলতে বলা হয়েছে মাশরাফিকে কেন নয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মাশরাফি সাকিব দুজনেই আমার সঙ্গে কথা বলেছে। আমি তাদেরকে টাইম দিয়েছিলাম। কিন্তু সাকিব গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তখন প্রধানমন্ত্রী বলেছেন দেশের স্বার্থে খেলে যেতে। আর মাশরাফির বিষয়টা দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে। সে নিজেও এলাকায় কাজ করে যাচ্ছে আর সাকিবের বিষয়টা আওয়ামী লীগ সভাপতি বলেছেন দেশের স্বার্থে খেলা চালিয়ে যেতে।
দুপুর ১২টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য সাকিব আল হাসানকে খেলা চালিয়ে যেতে বলেছেন বলেও জানান তিনি।
এর আগে গতকাল শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু জানান, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান দুজনেই আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদেরকে সকালে ফোন করেছেন। ফোনে তারা নিশ্চিত করেছেন, আজ রবিবার বেলা ১১টায় তারা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র কিনবেন।
যদিও রাতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিজের খেলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব গতকাল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও।
প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর মনোনয়নপত্র না কেনার সিদ্ধান্ত নেন সাকিব। গতকাল রাতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ তবে আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন—এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি সাকিব আল হাসান।
ফরম মনোনয়ন নিলেন আ.লীগের মাশরাফি 2018-11-11