আ. লীগের মনোনয়ন ফরম নিলেন মেয়র নাছির
Posted by: News Desk
February 11, 2020
এমএনএ রিপোর্ট : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র।
দায়িত্ব পালনে জনগণের আশানুরূপ কাজ করতে পেরেছেন কি না জানতে চাইলে আ জ ম নাছির বলেন, হ্যাঁ আমি জনগণের আশা অনুযায়ী শতভাগ কাজ করতে পেরেছি। মেয়রের অধীনে যে সমস্ত কাজ ছিল সেগুলো শতভাগ বাস্তবায়নে আমার ভূমিকা ছিল যথেষ্ট। জনগণ মনে করে নগরের সমস্ত কাজই করবে মেয়র কিন্তু যানজটসহ আরও এমন কিছু কাজ আছে যেগুলো মেয়রের কাজের আওতায় পড়ে না। তারপরেও নগরবাসী এসব সমস্যা সমাধানের জন্য মেয়রের কাছে অনুরোধ করতেই পারে। জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম শহরকে আরও উন্নত এবং পরিচ্ছন্ন নগরী করতে যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই অসমাপ্ত কাজগুলো পরিপূর্ণভাবে সমাপ্ত করার জন্যই আমি আবারও মেয়র পদে মনোনয়ন দাবি করেছি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন। তা মেনে নেবে, এটা শিরোধার্য।
চট্টগ্রাম সিটি করপোরেশন জলাবদ্ধতা নগরবাসীর ভোগান্তির অন্যতম একটি কারণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাছির বলেন, শুধু চট্টগ্রামে নয়, সকল সিটি করপোরেশনই জলাবদ্ধতা বড় একটি সমস্যা।
এই সমস্যা নিরসনে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান মেয়র নাসির।
তিনি বলেন, কিছু মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমাপ্ত করা হবে। এসব মেগা প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত জনগণ বা নগরবাসীকে ধৈর্য ধারণ করতে হবে।
এর আগে গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা মুজিবর রহমানও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আগামী শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
ফরম মনোনয়ন মেয়র নিলেন আ.লীগের নাছির 2020-02-11