ইউটিউব থেকে শত কোটি টাকা আয় ৭ বছরের শিশুর
Posted by: News Desk
December 4, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউটিউব খেলনার রিভিউ দেখিয়ে শত শত কোটি টাকা আয় করেছে মাত্র সাত বছরের এক শিশু। ইউটিউবে বিভিন্ন খেলনার ভিডিও দেখিয়ে এত টাকা আয় করা ওই শিশুর নাম রায়ান। খবর বিবিসি’র।
রায়ান ইউটিউব থেকে ইতিমধ্যে আয় করেছে ১৭৬ কোটি টাকা। সেই সঙ্গে ইউটিউব থেকে বেশি আয় করা তারকায় পরিণত হতে চলেছে।
রায়ানের ভিডিওতে যেসব খেলনার বর্ণনা তুলে ধরা হয়, সেসব খেলনা খুব দ্রুত বিক্রি হয়ে যায়। ফোর্বস ম্যাগাজিন ধারণা করছে, জুন মাস নাগাদ এই শিশুটির ইউটিউব চ্যানেল ‘রায়ান টয়’স রিভিউ’ টপকে যাবে এখনকার ইউটিউবের সেরা তারকা জ্যাক পলকে।
আয়কর বা এজেন্টদের ফি ছাড়া রায়ানের আয় গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। রায়ানের বাবা-মা ২০১৫ সালে ওই চ্যানেলটি তৈরি করে। এরপর এখানকার ভিডিওগুলো এ পর্যন্ত দুই হাজার ৬০০ কোটি বার দেখা হয়েছে। এই চ্যানেলের এক কোটি ৭৩ লাখ ফলোয়ার রয়েছে বলে বিবিসি বাংলা জানিয়েছে।
ফোর্বস বলছে, ভিডিও শুরুর আগে যে বিজ্ঞাপন দেখানো হয়, তা থেকেই ২১ মিলিয়ন ডলার (৮০ টাকা ডলার হিসেবে ১৬৬ কোটি টাকা) আয় করেছে রায়ান। এনবিসি চ্যানেল রায়ানের কাছে জানতে চেয়েছিল, শিশুরা কেন তার ভিডিওগুলো দেখতে পছন্দ করে? রায়ানের উত্তর, ‘কারণ আমি মজা করতে পারি।’
গত অাগস্ট মাস থেকে ‘রায়ান’স ওয়ার্ল্ড’ নামে খেলনা আর পোশাকের বেশ কিছু আইটেম বিক্রি করতে শুরু করে খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। এখানে একটি ভিডিওতে দেখানো হয় যে, রায়ান এবং তার বাবা-মা নিজেদের খেলনা খুঁজছে, যে ভিডিওটি ইউটিউবে গত তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে।
ওয়ালমার্ট থেকে পাওয়া লভ্যাংশ সামনের বছর রায়ানের আয়ে যোগ হবে বলে বলছে ফোর্বস। শিশু হওয়ার কারণে রায়ানের মোট আয়ের ১৫ শতাংশ একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখা হচ্ছে। যখন সে প্রাপ্তবয়স্ক হবে, তখন এই টাকা তুলতে পারবে।
রায়ানের যমজ বোনও রয়েছে; ‘রায়ানস ফ্যামিলি রিভিউ’ ভিডিওতে তাদের দেখা যাবে। তবে ইন্টারনেটে খুবই পরিচিত মুখগুলোর একটি হওয়া সত্ত্বেও রায়ানের পরিচয় নিয়ে রয়েছে ব্যাপক রহস্য। তার নামের শেষাংশ কী, রায়ান কোথায় থাকে, কেউ জানে না।
রায়ানের বাবা-মা মাত্র অল্প কয়েকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। একটি সাক্ষাৎকারে রায়ানের মা দাবি করেছেন যে, যখন তার ছেলের বয়স মাত্র তিন বছর, তখন এই ইউটিউব চ্যানেল করার আইডিয়া রায়ানই দিয়েছিল। তবে রায়ানের মা নিজেও তার নিজের পরিচয় প্রকাশ করেননি।
ইউটিউবে রায়ানের প্রথম ভিডিওটি ছিল প্লাস্টিকের ডিম ভেঙে সেখান থেকে খেলনা বের করা। ৮০ কোটি বার এই ভিডিও দেখা হয়েছে। তার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে এক কোটি মানুষ। রায়ানের ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তার স্বতঃস্ফূর্ততা। নিত্যনতুন খেলনা নিয়ে সে যেভাবে খেলে, সেটা লোকে পছন্দ করে।
একটি রিভিউতে বলা হচ্ছে, ‘রায়ান যেভাবে তার খেলনার প্যাকেট খোলে, তখন সেটি একটি নাটকীয় পরিবেশ তৈরি করে।’
তবে রায়ানের পুরো নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছে তার বাবা-মা। এজন্য রহস্য বালক হিসেবেও পরিচিত রায়ান।
৭ বছরের আয় ইউটিউব টাকা শত কোটি শিশুর 2018-12-04