Don't Miss
Home / হোম স্লাইডার / ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তাঙ্গারা প্রদেশের সুমবাওয়া দ্বীপের উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায়। এতে প্রাণহানিও ঘটছে ব্যাপক। দেশটিতে এবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলের পশ্চিম নুসা তাঙ্গারা প্রদেশের সুমবাওয়া দ্বীপের উপকূলে ৬ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইন্দোনেশিয়ার রাবা শহর থেকে ১৪৩ মাইল দক্ষিণে ১৬ মাইল গভীরতায় ভূমিকম্পটির আঘাত ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবার তথ্য অনুযায়ী, একই এলাকায় গত মঙ্গলবারেও ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও কোনো ক্ষতি বা সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস প্রথমে প্রথম ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে জানিয়েছিল। হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে তাদের ওয়েবসাইটে জানিয়েছিল।

প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া একটি দুর্যোগপ্রবণ দ্বীপপুঞ্জ।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে ৪০০ এর চেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটে। আর আহত হন আরও শত শত লোক।

ইন্দোনেশিয়ায় বড় মাত্রার ভূমিকম্প বা সুনামি নতুন নয়। প্রায়ই দেশের উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর এতে হাজার হাজার মানুষের প্রাণহানিসহ বড় ধরনের ক্ষতি হচ্ছে। কয়েক মাস আগেও দেশটির সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্টি হয় সুনামির। যাতে প্রাণ গিয়েছিল প্রায় এক হাজার ২০০ মানুষের।

গেল ২০১৮-তে ধারাবাহিক ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। বছরটির একেবারে শেষ দিকে জাভা দ্বীপের পশ্চিম উপকূলে এক সুনামিতে প্রায় ৪৩০ জন নিহত ও অন্তত ১৫৯ জন নিখোঁজ হয়।

এই সুনামি ১৪ বছর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সংঘটিত ভয়াবহ সুনামির স্মৃতি ফিরিয়ে আনে। ভারত মহাসাগরের ওই সুনামিতে উপকূলবর্তী ১৪টি দেশের দুই লাখ ২৬ হাজার লোক নিহত হয়েছিল, তাদের মধ্যে ইন্দোনেশিয়ার লোক ছিল এক লাখ ২০ হাজারেরও বেশি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...