ইভানকা ট্রাম্পের নিরাপত্তায় ১০ হাজার কর্মী!
Posted by: News Desk
November 29, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের হায়দরাবাদে বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন হোয়াইট হাউসের উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। বাবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে ইভানকার সবচেয়ে বড় সফর।
মঙ্গলবার ওই সম্মেলনে তাঁর নিরাপত্তায় ১০ হাজার নিরাপত্তাকর্মী থাকবে হায়দরাবাদে।
জানা যায়, তিন দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী দিনের মূল বক্তা হিসেবে যোগ দেবেন ৩৬ বছর বয়সী ইভানকা। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। সফরকালে ভারতের বিখ্যাত ও বিলাসবহুল হোটেল ফালাকনুমা প্যালেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এক নৈশভোজেও যোগ দেবেন তিনি।
ইভানকা ট্রাম্প সম্মেলনে ব্যবসায় নারীদের ক্ষমতায়নের কথা তুলে ধরবেন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিকাশমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গেও বক্তব্য দেবেন তিনি।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ভারত সফরে ইভানকার সঙ্গে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে না। কারণ তাঁরা কোনো বিষয়েই ইভানকাকে চাপ দিতে চান না। ইভানকার সফর উপলক্ষে ভারতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা নিজের বিশেষ বুলেটপ্রুফ গাড়িতেই ভারত সফর করবেন তিনি। তাঁর সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা।
এরপরও তাঁর নিরাপত্তার জন্য অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। পাশাপাশি সন্ত্রাসবিরোধী বাহিনী ও ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। তাঁর সফর উপলক্ষে হায়দরাবাদের প্রতিটি সড়ক ভিক্ষুকমুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ বন্ধুত্বের খাতিরেই ইভানকার নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ আয়োজক দেশ ভারত।
ট্রাম্পের ১০ হাজার ইভানকা নিরাপত্তায় কর্মী 2017-11-29