Don't Miss
Home / আন্তর্জাতিক / ইমরান খানের বিরুদ্ধে অনাস্থায় সমর্থন দেবে পিটিআইর জাহাঙ্গীর তারিনের অংশ
আইনপ্রণেতাদের একাংশ প্রধানমন্ত্রী

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থায় সমর্থন দেবে পিটিআইর জাহাঙ্গীর তারিনের অংশ

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের একাংশ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাহাঙ্গীর খান তারিনের নেতৃত্বাধীন এ অংশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবেও সমর্থন দেবে। আজ রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজের বরাতে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

পিটিআই নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি লিখিত আবেদন জানিয়েছে তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ৩৪২ সদস্যবিশিষ্ট নিম্নকক্ষে উত্থাপিত অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজন ১৭২ ভোট।

আজ সূত্রের বরাতে দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের যে অংশটি জাহাঙ্গীর খান তারিনকে সমর্থন করে থাকে, তারা এ অনাস্থা প্রস্তাবে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আরও বলেছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিরোধীরা যদি তাঁর জায়গায় পাকিস্তান মুসলিম লীগ–কিউ (পিএমএল-কিউ) নেতা চৌধুরী পারভেজ এলাহিকে চান, তাতেও সমর্থন দেবে তারা।

সূত্র বলছে, জাহাঙ্গীর তারিনকে সমর্থনকারী পিটিআইয়ের অংশটির ৮–১০ জন আইনপ্রণেতা জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে অনাস্থায় সমর্থন জানাবেন। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমানের বিরুদ্ধে অনাস্থা জানাতে পারেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২২–২৬ জন সদস্য। এ অংশ পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী আলীম খানকে সমর্থন দিতে রাজি নয়। এর কারণ উল্লেখ করতে গিয়ে তাঁরা বলেন, ‘আমরা অতীতে যখন উসমান বুজদারের বিরোধিতা করেছি, তখন আলীম কোনো পক্ষে যোগ দেননি।’

দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার ব্যাপারে জাহাঙ্গীর তারিন গ্রুপের সদস্য রাজা রিয়াজের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি প্রথমে তা নিশ্চিত করেছিলেন। তবে পরে আবার যোগাযোগ করা হলে রিয়াজ তাঁর আগের বক্তব্য থেকে সরে আসেন বলে জানায় দ্য নিউজ। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। জাহাঙ্গীর খান তারিন দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ ৯৫ অনুযায়ী অনাস্থা প্রস্তাব পেশ করতে জাতীয় পরিষদের ২০ ভাগ সদস্যের সমর্থন লাগে। প্রস্তাবটির অনুমোদন হতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। অর্থাৎ ৩৪২ সদস্যের পরিষদে ১৭২ জনের সমর্থনে সেটা পাস হতে হবে। দেশটির জাতীয় পরিষদে এ মুহূর্তে নওয়াজ শরিফের দল পিএমএল–এন, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি ও ইমরানবিরোধী অন্যদের যৌথ শক্তি ১৫৫-এর মতো। এ অবস্থায় অনাস্থা প্রস্তাব পাস করাতে পিটিআইয়ের সহযোগী দলগুলোর সদস্যদের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে বিরোধী শিবির।

জাহাঙ্গীর তারিনকে একসময় পিটিআইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা বলা হতো। তবে দল ক্ষমতায় আসামাত্র ইমরানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কমতে থাকে। সরকারের প্রায় তিন বছরের মাথায় তিনি দলের ভেতর নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটা গোষ্ঠী গঠন করেন।

x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...