Don't Miss
Home / হোম স্লাইডার / ইরাকে ইরানি কনস্যুলেটে হামলা, নিহত ৫

ইরাকে ইরানি কনস্যুলেটে হামলা, নিহত ৫

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকের অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে মাসব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই দেশটির কারবালা নগরীতে ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ জন নিহত হন।জানা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে মিশে একদল দুর্বৃত্ত রবিবার রাতে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

দুর্বৃত্তদের এই হামলায় কনস্যুলেটের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের ইরানি পতাকা সরিয়ে সেখানে একটি ইরাকি পতাকা তুলে দেয়।

ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই কূটনৈতিক মিশনের চারপাশে চার ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় বহুবার হামলা চালিয়েছে।

এছাড়া সেদেশের গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরাকে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করার লক্ষ্যে সুগভীর পরিকল্পনার আওতায় এ ধরনের হামলা চালানো হচ্ছে।

ইরাকের অর্থনৈতিক দুর্দশা, কর্মসংস্থানের অভাব এবং প্রশাসনে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলছে। গত কয়েকদিনে এ বিক্ষোভ সহিংস আকার নিয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...