Don't Miss
Home / হোম স্লাইডার / ইসরায়েলের সঙ্গে সম্পর্কের আগে স্বাধীন ফিলিস্তিনঃ সৌদি প্রিন্স
ফিলিস্তিন

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের আগে স্বাধীন ফিলিস্তিনঃ সৌদি প্রিন্স

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে সবার আগে জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নিয়ে সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ এক সদস্য শুক্রবার এমন মন্তব্য করেছেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি প্রত্যাশা করেন কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত চুক্তিতে সৌদি আরব যোগ দেবে। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে সৌদি প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছেন, সবার আগে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং এর রাজধানী করতে হবে জেরুজালেমকে।

৭০ বছরের বেশি সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে পুরোমাত্রার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ভূমি দখল সাময়িক স্থগিত রাখবে ইসরায়েল। ফিলিস্তিন, ইরান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েল-আমিরাতের এই চুক্তির বিরোধিতা করে আসছে।

সংযুক্ত আরব আমিরাত বলছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ইসরায়েলের অঙ্গীকার।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনও সম্পর্ক নেই। কিন্তু এই অঞ্চলে ইরানের প্রভাব এবং কর্মকাণ্ডের জন্য সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ইসরায়েলেও উদ্বিগ্ন। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে আমিরাতের বিভিন্ন ধরনের যোগাযোগ দেখা গেছে।

ইসরায়েল-আমিরাতের এই চুক্তির ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সমর্থিত অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলের সর্বাধিক প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবের যুবরাজ তুর্কি আল-ফয়সাল ইসরায়েলের কাছ থেকে বড় ধরনের প্রাপ্তির প্রত্যাশা করেছেন।

সৌদি আরবের দৈনিক আশরাক আল-আওসাতে লেখা এক নিবন্ধে তুর্কি আল-ফয়সাল বলেছেন, কোনও আরব রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণের চিন্তা করলে তার বিনিময় প্রত্যাশা করা উচিত। এটির চড়া মূল্য হওয়া উচিত।

তিনি বলেন, ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি স্থাপনের জন্য সৌদি আরব একটি মূল্য নির্ধারণ করেছে। এটি হলো জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলা। প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ এই উদ্যোগ নিয়েছিলেন।

২০০২ সালের আরব লীগ ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় দখলিকৃত পশ্চিম তীর, গাজা ও অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ইসরায়েলের মালিকানা প্রত্যাহার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেয়।

সংযুক্ত আরব আমিরাত-ইসরায়েল চুক্তির ব্যাপারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো বুধবার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আরব পিস ইনিশিয়েটিভের প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে রিয়াদ।

২০১২ সালে সৌদি আরব মধ্যপ্রাচ্যে আরব পিস ইনিশিয়েটিভের প্রস্তাব দেয়। এই প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং ১৯৬৭ সালের যুদ্ধে দখলিকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের দখলদারিত্ব পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে দেশটির সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেয় রিয়াদ।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...