এমএনএ প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার চলতি বছর রমজান ৩০ দিন ধরে সম্ভাব্য হিসাব ধরে ঈদের ছুটির সময়সূচি নির্ধারণ করেছে। সে হিসেবে রমজান ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।
সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ফলে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত ছিল।
এদিকে ১৭ মার্চ শবেকদরের ছুটি থাকলেও তার পরদিন ১৮ মার্চ অফিস খোলা ছিল। মাঝের এই কর্মদিবসটি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এখন ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
গত বছর ঈদের সময় দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ছিল। এ অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ছুটি বাড়ানোর বিষয়টি আগেই আলোচনায় ছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
এর আগে বুধবার (৪ মার্চ) যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় গণপরিবহন সংকট ও ভোগান্তি কমাতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা বা ছুটির বিন্যাস করার দাবি জানিয়েছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

