উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৯
Posted by: News Desk
July 15, 2019
এমএনএ রিপোর্ট : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বরবাহী মাইক্রোবাসের আট যাত্রীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত পাঁচজনের নাম পাওয়া গেছে।
তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২) এবং চালক স্বাধীন (২৮)। স্বাধীন কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে। এছাড়াও মৃতদের মধ্যে বর রাজন (২৫) ও কনে সুমাইয়া খাতুন (২২)-এর পরিচয় পাওয়া গেছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লাপাড়ার বেতকান্দি রেলক্রসিংয়ে একটি মাইক্রোবাস যাওয়ার সময় দ্রুতবেগে আসা ট্রেনের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ৯ জনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর থেকে সারাদেশে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তর পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপারের সময় দু’টি বিয়ের গাড়ির একটি মাইক্রেবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪১৫৯) ঢাকাগামী পদ্মা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে বর-কনেসহ কমপক্ষে ৯ জন মারা যান। এদের মধ্যে বর ছাড়াও দু’জন নারী, একজন শিশু এবং ৬ জন পুরুষ যাত্রী রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলক রেলক্রসিং এলাকায় একটি বরবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের আট যাত্রীসহ ৯ জন নিহত হন। সেই সঙ্গে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ধাক্কায় ট্রেনের নিহত ৯ উল্লাপাড়ায় বর-কনেসহ 2019-07-15