এমএনএ রাজনীতি ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রধানমন্ত্রী যখন দেশের জন্য সুনাম বয়ে আনছেন ঠিক তখনি ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী। বিএনপি-জামায়াত যেই হোক যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম।
সম্মেলনের উদ্বোধন করে সংগঠনের সভাপতি বলেন, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের দুঃসময়ে সব সময় পাশে থেকে কাজ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যতই ষড়যন্ত্র হোক না কেন শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে পরাজিত করা হবে।
সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় যেতে হবে এবং নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।এ সময় নেতারা আরও বলেন, সম্মেলনের মাধ্যমে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্ব নির্বাচন করা হবে। সৎ এবং দলের জন্য ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে জানান নেতারা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

