Don't Miss
Home / অর্থনীতি / একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
একনেক

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

এমএনএ অর্থনীতি ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে সময় বৃদ্ধিসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকা, যা সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। সোমবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ২টি সংশোধিত এবং ১টি ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর প্রকল্প। তবে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

অনুমোদিত প্রধান প্রকল্পসমূহ:

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন: মানিকগঞ্জ ও সাতক্ষীরার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

সেচ ব্যবস্থাপনা: কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন।

শিক্ষা খাত: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন।

স্বাস্থ্যসেবা: সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অসমাপ্ত মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট ও নার্সিং অধিদপ্তরের সমন্বিত উন্নয়ন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচির অসমাপ্ত কাজ সম্পন্ন করা।

প্রতিরক্ষা: ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের জন্য ‘বি’ টাইপ বাসস্থান নির্মাণ।

যোগাযোগ: নড়াইল-কালিয়া মহাসড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ।

শিল্প: ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল’।

ঐতিহ্য সংরক্ষণ: সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (সময় বৃদ্ধিসহ)।

বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন এমন নয়টি প্রকল্প সম্পর্কেও একনেক সদস্যদের অবহিত করা হয়। এগুলোর মধ্যে রয়েছে: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ এবং তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন প্রকল্প। এছাড়া, উপকূলীয় বন ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বাড়ানো, মেহেরপুর সদরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা জোরদার, ঢাকা শহরের অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন এবং র‍্যাবের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদবিষয়ক ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহণ ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...