মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা একমি ল্যাবরেটরিজের শেয়ারের নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সর্বোচ্চ দরের প্রস্তাব এসেছে।
বুক বিল্ডিং পদ্ধতির ওয়েবসাইটে দেখা যায়, নিলামের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার কোম্পানিটির পাঁচ কোটি শেয়ারের মধ্যে বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ পুরো দুই কোটি শেয়ার ৮৫ টাকা ২০ পয়সা দরে কেনার প্রস্তাব করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিট পর্যন্ত ৫৬টি প্রতিষ্ঠান নিলামে অংশ নিয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বোচ্চ ৫টি নিলামে অংশ নিতে পারবে, কিন্তু বরাদ্দ শেয়ারের ৫ শতাংশর বেশি নিতে পারবে না।
নিয়ম অনুযায়ী, নিলামে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সম্ভাব্য মূল্য ও শেয়ারের পরিমাণ প্রস্তাব করবেন ।
১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬১ টাকা প্রিমিয়াম যোগ করে শেয়ার ছাড়ার দাম (ইন্ডিকেটিভ প্রাইস) ধরা হয়েছে ৭১ টাকা। এর ২০ শতাংশ বেশি বা কম ধরে ৫৬ টাকা ৮০ পয়সা থেকে ৮৫ টাকা ২০ পয়সার মধ্যে দর প্রস্তাব করতে পারবে নিলামে অংশগ্রহণকারীরা।
এর পর সর্বশেষ যে দামে ২ কোটি শেয়ার পুরোটার নিলাম শেষ হয়ে যাবে সেটা হবে ‘কাট অফ প্রাইস’। ওই দামেই সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনবেন। আর যতগুলো দর প্রস্তাব করা হবে তার ‘ওয়েটেড এভারেজ’ করে যে দাম হবে তা দেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর।
ধরা যাক, নিলামে প্রথম এককোটি শেয়ারে ৮৫ টাকা ২০ পয়সা প্রস্তাব এলো, পরের এককোটিতে প্রস্তাব এলো ৭১ টাকা। তাহলে কাট অফ প্রাইস হবে ৭১ টাকা। ওয়েটেড এভারেজ করা হবে ৮৫ টাকা ৮৫ পয়সা ও ৭১ টাকার মধ্যে।
নিলামের মাধ্যমে ইস্যু মূল্য (শেয়ারের দর) নির্ধারণ করে পরবর্তীতে প্রসপেক্টাস অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। আর রেজিস্টার টু দ্য ইস্যু হিসাবে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এবিসয়ে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৮৫ টাকা ২০ পয়সা হতে পারে একমি ল্যাবরেটরিজের শেয়ারের দাম। এ দামে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীরা একমির শেয়ার পাবেন । তবে সঠিক দাম জানা যাবে বিডিং শেষ হওয়ার পর”
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার বিকাল ৩টায় একমি ল্যাবরেটরিজের শেয়ারের নিলাম শেষ হবে। এর মধ্যে নিলামে অংশগ্রহণকারীরা দরপ্রস্তাবে পরিবর্তন আনতে পারবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


