একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬ দেশ ও সংস্থা
Posted by: News Desk
December 23, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক। ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, এরমধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।
সূত্র জানায়, আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেল’র ৩২ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের চারজন পর্যবেক্ষকের মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। জাপানের নয়জন পর্যবেক্ষকের মধ্যে চারজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি। স্পেনের একজন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের তিনজন পর্যবেক্ষকের মধ্যে একজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। নরওয়ের দুইজন পর্যবেক্ষকের মধ্যে একজন বিদেশি ও একজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর চারজন পর্যবেক্ষক থাকবেন, এরমধ্যে একজন বিদেশি ও তিনজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও ২২ জন বাংলাদেশি।
ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভ এর তিনজন বিদেশি পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানীর আটজন পর্যবেক্ষক থাকবেন, এরমধ্যে ছয়জন বিদেশি ও দুইজন বাংলাদেশি। নেদারল্যান্ডস’র চারজন বিদেশি পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন দুইজন বিদেশি পর্যবেক্ষক। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর চারজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। সুইজারল্যান্ডের ছয়জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও চারজন বাংলাদেশি। এশিয়ান ফাউন্ডেশনের সাতজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি।
এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনে থাকা ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস ও বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ নামে চারটি দেশীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না দেওয়ার জন্য দাবি জানায় বাংলাদেশ আওয়ামী লীগ।
কারণ হিসেবে আওয়ামী লীগ জানায়, এদের মধ্যে চারটি সংস্থা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তারা নির্বাচনে পর্যবেক্ষণ করতে যেতে প্রভাবিত করতে পারে। এরা হলো ডেমোক্রেসি ওয়াচ। যার প্রধান হচ্ছে শফিক রেহমানে স্ত্রী তালেয়া রহমান। খান ফাউন্ডেশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের স্ত্রীর। বগুড়ার লাইট হাউস তারেক রহমানের। আর আদিলুর রহমানে প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার পরিষদ। এরা সবাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদের পর্যবেক্ষণের দায়িত্ব দিলে বিপর্যয় ঘটতে পারে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলেছি যেন, নিরপেক্ষ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
পর্যবেক্ষণ ১৬ দেশ সংস্থা নির্বাচন জাতীয় একাদশ 2018-12-23