এক মাসে নেইমারের ১২০,০০০ জার্সি বিক্রি
Posted by: News Desk
September 17, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : পিএসজিতে যোগ দেওয়ার পর এক মাসে নেইমারের ১২০,০০০ জার্সি বিক্রির রেকর্ড হয়েছে। এর আগে কখনো পিএসজির কোনো খেলোয়াড়েরই এত জার্সি বিক্রি হয়নি।
২২২ মিলিয়ন ইউরো! নেইমারের ট্রান্সফার ফি’র অঙ্ক দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। উঠবেই না কেন? ট্রান্সফার ফি’র আগের বিশ্বরেকর্ড ছিল ১০৫ মিলিয়ন ইউরো। তার দ্বিগুণের বেশি মূল্যে বার্সেলোনা থেকে তাকে কিনে নেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
তবে নেইমার ও পিএসজির সমর্থকরা যেন প্রমাণ করে চলেছেন মূল্যটা বাড়াবাড়ি রকমের নয়। প্যারিসে পা রাখার পর গত এক মাসেই এই ব্রাজিলিয়ান তারকার ১ লাখ ২০ হাজার জার্সি বিক্রি করে। নেইমারের জার্সি বিক্রি বাবদ ইতোমধ্যেই প্রায় ৮.৮ মিলিয়ন ইউরো আয় করেছে পিএসজি।
নেইমারের পর কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যোগ দেয়ার পর জার্সি বিক্রির পরিমাণ আরো বেড়ে যায়। সবমিলিয়ে গত মৌসুমের চেয়ে এবার পিএসজির জার্সি বিক্রি প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে নেইমারের জার্সি নির্মাণকারী কোম্পানি পড়েছে মধুর বিড়ম্বনায়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার রিপোর্ট অনুযায়ী, যেই হারে জার্সি বিক্রি হচ্ছে তাতে করে আগামী দুই মাস সমর্থকদের চাহিদা পূরণ করা সম্ভব নয়।
পিএসজিতে যোগ দিয়েই নিজের মূল্য বুঝিয়ে চলেছেন নেইমার। এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে পাঁচটি গোল করার পাশাপাশি সমান গোলে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান তারকা।
০০০ জার্সি বিক্রি নেইমারের এক মাসে ১২০ 2017-09-17