এফবিআই উপপ্রধানের আকস্মিক পদত্যাগ
Posted by: News Desk
January 30, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে আকস্মিক পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ওই পদে দেখতে চান না, এমন মন্তব্যের পর গতকাল সোমবার তিনি পদত্যাগ করেন।
এফবিআইয়ের এই কর্মকর্তাকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। অবশ্য এফবিআইয়ের উপপ্রধান হিসেবে ম্যাককেবের মেয়াদ আগামী মার্চেই শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস আগেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো।
তবে ম্যাককেব মার্চেই ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই) ছাড়বেন বলে মনে করা হচ্ছে। তার আগে অবসরের দিন পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
হোয়াইট হাউজ ম্যাককেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো হাত থাকার কথা অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সোমবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “ম্যাককেবের পদত্যাগের সিদ্ধান্ত হোয়াইট হাউস দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ প্রক্রিয়ায় জড়িত নন।”
তাহলে ঠিক কি কারণে ম্যাকেব আগেভাগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। এফবিআই এর মুখপাত্রও তাকে নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে সম্প্রতি ম্যাককেবের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের প্রতি ম্যাকেবের পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তিনি।
হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অফিসের কাজে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তের পরও হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করার কারণে ম্যাককেব রিপাবলিকান আইনপ্রণেতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার শিকার হন।
ট্রাম্প গত বছর মে মাসে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর অ্যান্ড্রু ম্যাককেব কিছুদিনের জন্য সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যে তদন্ত চলছে তার সঙ্গে ছিলেন ম্যাককেবে। এই তদন্ত চলাকালে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতাদের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হন এফবিআই এর এই কর্মকর্তা।
গত মে মাসে এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করলে কিছুদিন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ম্যাককেবে।
অবশ্য ম্যাককেবের পদত্যাগের পর এ বিষয়ে সাংবাদিকদের কোনো কথা বলতে চাননি ট্রাম্প। ম্যাককেবের স্ত্রী জিল ম্যাককেবে ভার্জিনিয়ার সিনেট আসনে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
ওই প্রসঙ্গ টেনে এর আগে ট্রাম্প বলেছিলেন, কীভাবে ম্যাককেবের অধীনে নিরপেক্ষ তদন্ত সম্ভব? তবে গতকাল সোমবার হোয়াইটহাউসের নিয়মিত ব্রিফিংয়ে ম্যাককেবের পদত্যাগের সঙ্গে ট্রাম্প বা হোয়াইটহাউসের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করা হয়।
উপপ্রধানের আকস্মিক পদত্যাগ এফবিআই 2018-01-30