Don't Miss
Home / শিল্প ও বাণিজ্য / এবার রিহ্যাব ফেয়ার শুরু ২১ ডিসেম্বর

এবার রিহ্যাব ফেয়ার শুরু ২১ ডিসেম্বর

এমএনএ অর্থনীতি রিপোর্ট : আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০১৬।

ওইদিন সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এ মেলা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

আজ শনিবার রাজধানীতে এই মেলার বিষয়ে বিভিন্ন তথ্য জানাতে এক সংবাদ সম্মেলন করে মেলা আয়োজককারী সংস্থা আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

এতে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, পাঁচ দিনব্যাপী মেলার প্রথম দিন বেলা ১১টা থেকে টিকেট সংগ্রহ করে মেলা প্রাঙ্গনে প্রবেশের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

দ্বিতীয় দিন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

শামসুল আলামিন বলেন, এবারের মেলার দর্শনার্থীদের জন্য সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রির জন্য দুই ধরনের টিকেটের ব্যবস্থা করা হয়েছে। সিঙ্গেল এন্ট্রি টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এ টিকেট দিয়ে একজন দর্শনার্থী মাত্র একবার মেলা প্রাঙ্গনে প্রবেশের সুযোগ পাবেন।

আর ১০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে মাল্টিপল এন্ট্রি টিকেট। এটি ব্যবহার করে একজন দর্শনার্থী ৫ বার মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন।

মেলায় আগত দর্শনার্থীদের টিকেট সংগ্রহ করে প্রতিদিন একবার র‍্যাফেল ড্র করা হবে বলে জানান রিহ্যাব সভাপতি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের মেলায় মোট ১৭৫টি স্টল থাকছে। এর মধ্যে বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকছে ৩০টি।

২৪টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে মেলায় অংশ নিচ্ছে।

২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। ১৬ বছর ধরে এ ফেয়ারের আয়োজন করে আসছে রিহ্যাব। এছাড়া চট্টগ্রামে নয়টি ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০০৪ সাল থেকে বিদেশেও হাউজিং ফেয়ার আয়োজন করছে রিহ্যাব।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালি, রোম, কানাডা, সিডনি ও কাতারে একটি করে ‘রিহ্যাব হাউজিং ফেয়ার’ সফল ভাবে সম্পন্ন হয়েছ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভুইয়া, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, পরিচালক শাকিল কামাল চৌধুরী, কামাল মাহমুদ, জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

x

Check Also

এক বছরে রেমিট্যান্স বৃদ্ধি ৩ বিলিয়ন ডলার, রফতানি হ্রাস ৭ বিলিয়ন; বৈদেশিক মুদ্রা প্রবাহে ঘাটতি ৫ বিলিয়ন

বিশেষ প্রতিনিধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস—পণ্য রফতানি ও প্রবাসী আয় (রেমিট্যান্স)—গত এক ...