এমসিসিআইয়ের সভাপতি পদে পুনর্নির্বাচিত নিহাদ কবির
Posted by: News Desk
December 23, 2018
এমএনএ অর্থনীতি রিপোর্ট : টানা তৃতীয়বারের মত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নিহাদ কবির।
সহসভাপতি হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিনকেই সঙ্গে পাচ্ছেন তিনি।
চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ নভেম্বর নতুন কমিটির প্রথম সভায় চেম্বার কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি ও সহ-সভাপতিকে পুনর্নির্বাচিত করেন।
এরপর গত ২০ ডিসেম্বর এমসিসিআইয়ের ১১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করা হয়।
২০১৯ মেয়াদে এই কমিটিই এমসিসিআইয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নিহাদ কবির সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার। তিনি কেদারপুর টি কোম্পানি লিমিটেডের একজন পরিচালক। সংবাদ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং একজন শেয়ারহোল্ডার তিনি।
ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নিহাদ কবির।
এ ছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি গোলাম মাইনুদ্দিন এসিআই লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) পরিচালকের দায়িত্বও পালন করছেন।
এমসিসিআইয়ের ২০১৯ সালের কমিটির অপর সদস্যরা হলেন- মডার্ন ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক মো. আলী, এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিমীন হোসেন, রাঙামাটি ওয়াটার ফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, রহমান হক এর সিনিয়র পার্টনার আদিব এইচ খান, এম জে আবেদীন অ্যান্ড কোম্পানির পার্টনার হাসান মাহমুদ এবং এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
পুনর্নির্বাচিত এমসিসিআইয়ের নিহাদ কবির পদে সভাপতি 2018-12-23