Don't Miss
Home / আজকের সংবাদ / কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া

কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রবিবার রাত ৮টায় কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান খালেদা জিয়া। এসময় সার্কিট হাউসের গেটে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই সেখানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, হাসিনা আহমেদ, জেলা সভাপতি শাহজাহান চেৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

 

আগামীকাল সোমবার খালেদা জিয়ার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের কথা রয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গাশিবির পরিদর্শনের উদ্দেশ্যে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন। পথে ফেনী শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।
এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর আবার আক্রান্ত হয়। এতে এনটিভির সাংবাদিকসহ কয়েকজন আহত হন। এর মধ্যেই রাতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেন।
এরপর রাতে খালেদা জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। আজ রবিবার বেলা ১২টার দিকে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮ টায় কক্সবাজারে পৌঁছান। আজ রাতে কক্সবাজার সার্কিট হাউসে থাকবেন বিএনপি চেয়ারপারসন। আগামীকাল সোমবার তিনি উখিয়ায় রোহিঙ্গাশিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এরপর আগামী মঙ্গলবার ঢাকায় ফেরার কথা বিএনপি চেয়ারপারসনের।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...