কমিশনারদের মতবিরোধ নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি
Posted by: News Desk
October 16, 2018
এমএনএ রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও জাতীয় নির্বাচন পরিচালনায় তার প্রভাব পড়বে না।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের বিরোধ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ওটা নিয়ে কথা বলবো না। বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও জাতীয় নির্বাচন পরিচালনার কাজ কঠিন হবে না।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নির্বাচনী আচরণ বিধির বিষয়ে সিইসি বলেন, আচরণবিধিতে কিছু কিছু পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে। আগামী তিন-চারদিন পর কমিশন সভায় এটা নিয়ে আলোচনা হবে।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে পরিস্থিতি সন্তোষজনক। কোথায়, কীভাবে নির্বাচনসামগ্রী নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন তাদের যে দায়িত্ব সেগুলোর ব্যাপারে তারা স্থানীয় প্রশাসনের ব্যাপক সহযোগিতা পাচ্ছেন। তাদের এই পর্যন্ত যে প্রস্তুতি তা ভালো।
সংসদ নির্বাচনের আগে নিজেদের মধ্যে মতানৈক্য থাকলেও তাতে কাজে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।
একজন নির্বাচন কমিশনারের সভা বর্জন ও মতানৈক্যে একাদশ সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বা কাজ করা কঠিন হবে কিনা- জানতে চাইলে সিইসি বলেন, “না, কঠিন হবে না।”
আজ মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি ও চার নির্বাচন কমিশনার ছিলেন।
ইসি কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করায় এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক মাহবুব তালুকদারকে বৈঠকে ধন্যবাদ জানান সিইসি।
গেল বছরের ফেব্রুয়ারিতে পাঁচ সদস্যের কমিশন যোগ দেওয়ার পর কয়েক দফা নোট অব ডিসেন্ট ও আনঅফিসিয়াল নোট দিয়ে সভা বর্জন করায় আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
সর্বশেষ ৩০ অগাস্ট ও ১৫ অক্টোবর দুই বার কমিশন সভায় অংশ নিয়ে ১০ মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন। এরই মধ্যে সিইসি ও ইসি সচিবের একক কর্তৃত্ব নিয়েও অসন্তোষ জানান মাহবুব তালুকদারসহ অন্যরা।
অবশ্য পরে এ নির্বাচন কমিশনার জানান, তাদের নিজেদের মধ্যে ভিন্নমত থাকতে পারে; তা কোনোভাবেই মতবিরোধ নয়।
নির্বাচনে সিইসি প্রভাব কমিশনারদের মতবিরোধ পড়বে না 2018-10-16