Don't Miss
Home / আজকের সংবাদ / কানাডার আদালতের রায়ে আ’লীগের চক্রান্ত : বিএনপি

কানাডার আদালতের রায়ে আ’লীগের চক্রান্ত : বিএনপি

এমএনএ রিপোর্ট : কানাডার একটি আদালতের রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ বলে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তার পেছনে বাংলাদেশের ক্ষমতাসীনদের চক্রান্ত দেখছেন রুহুল কবির রিজভী।

‘বিএনপিকে সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কানাডার ফেডারেল ​আদালতের দেওয়া রায়ের পেছনে চক্রান্ত দেখছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

হরতাল-অবরোধে সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কারণে দলটির এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন কানাডার অভিবাসন দপ্তর খারিজ করে দিলে তিনি ফেডারেল আদালতে যান। ফেডারেল আদালতও গত জানুয়ারিতে তার আবেদন খারিজ করে দেয়, যার পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশিত হয়।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে- এমন ধারণা করার যৌক্তিক কারণ আছে।

বাংলাদেশের রাজনীতিতে বড় দুই দলের বৈরিতার ইতিহাস, হরতালের মত রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা, সরকারের লক্ষ্য অর্জন কঠিন করে তুলতে অর্থনৈতিক ক্ষতির কৌশল হিসেবে হরতালের ব্যবহার এবং তাতে বিএনপির সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও ইন্টারনেটের উন্মুক্ত তথ্য তুলে ধরে এই পর্যবেক্ষণ দেয় কানাডার ফেডারেল আদালত।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের শুরু থেকে বিএনপির ডাকে টানা তিন মাসের হরতাল-অবরোধে ব্যাপক সহিংসতায় দেড় শতাধিক মানুষের মৃত্য হয়।

রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে রিজভী বলেন, সরকার প্রভাবিত মিডিয়ায় গতকাল (বুধবার) আমরা যেভাবে সংবাদটি দেখেছি, কানাডার যে অনলাইনে এসেছে আমরা সেটাও দেখেছি, সেটা শওগাত আলী সাগর, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তারা কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্তের জাল তৈরি করছেন, একটা পরিকল্পনা তৈরি করছেন- এটা স্পষ্ট।

কানাডার আদালত ২৫ জানুয়ারি ওই রায় দিলেও এতদিন পরে কেন তা নিয়ে খবর হচ্ছে- সেই প্রশ্ন তোলেন বিএনপি নেতা রিজভী।

রিজভী দাবি করেন, কানাডার ইমিগ্রেশন বিভাগকে ভুল তথ্য দিয়ে নাটক সাজানো হয়েছে। এর ভিত্তিতে কানাডার ফেডারেল আদালতের রায়ের পর্যবেক্ষণে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকারের চক্রান্তমূলক নাটকের অংশ। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা সৃষ্টি করে জনগণের মনে ধোঁয়াশা তৈরি করা তাদের উদ্দেশ্য।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ দাবি করেন, কানাডার আদালতে প্রসিকিউটর বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সুতরাং, শুধু শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না। এটা বিশ্বাস করলে এটিও বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগও সন্ত্রাসীদের দল।

কানাডার আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি আপিল করবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলের জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

রায়ের একটি অংশের বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, বলা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের একজনের আবেদনের কথা বলা হয়েছে। বিএনপির যে নেতা রাজনৈতিক আশ্রয় চাইবেন, তিনি কি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলবেন? তিনি বরং বলবেন, বাংলাদেশে তিনি প্রতিকূল পরিস্থিতিতে আছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। ওই ব্যক্তি বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের নেতা হলে কোনো বিএনপির বিরুদ্ধে বলতে যাবেন? এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘এ কথাতেই মনে হচ্ছে, এটা একটা সাজানো নাটকের বিষয়। যেটা কানাডায় উপস্থাপন করেছে, ইমিগ্রেশন বিভাগকে এভাবে ভুল তথ্য তারা দিয়েছে, বানানো নাটকের ভুল তথ্য দিয়েছে এবং সেটা তারা কোর্টে নিয়ে গেছে।’

রিজভী আরও বলেন, কানাডায় যে অনলাইন পত্রিকায় সংবাদটি এসেছে, সেটি ছাত্রলীগের সাবেক নেতা শওগাত আলী সাগরের। তাঁরা কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্ত করছেন। এই রায়টি প্রকাশিত হয়েছে গত ২৫ জানুয়ারি। আর হঠাৎ করে বাংলাদেশে গতকাল এটি প্রচারিত হয়েছে, বিশেষত ক্ষমতাসীনদের গণমাধ্যমে।

গত ২৫ জানুয়ারি কানাডার ফেডারেল আদালত বিএনপি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়ে একটি রায় দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি সংবাদ সম্মেলন করে।

সংবাদ সন্মেলনে অন‌্যদের মধ‌্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুল আউয়াল খান, মুনির হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...