Don't Miss
Home / হোম স্লাইডার / কানের অভিজ্ঞতা জানালেন বাঁধন
আজমেরী হক বাঁধন

কানের অভিজ্ঞতা জানালেন বাঁধন

এমএনএ বিনোদন ডেস্ক : আজমেরী হক বাঁধন। লাইট-ক্যামেরার দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন। বিরতি কাটিয়ে ফিরেছেন, জয় করেছেন দেশ-বিদেশের বহু মানুষের মন।ক্যারিয়ারের দ্বিতীয় ইংনিসে সাফল্যের চূড়ান্ত শিখরে আছেন বাঁধন। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় তিনি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়েছে সিনেমাটি। স্ট্যান্ডআপ ওভিয়েশন থেকে শুরু করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

বিশ্ববাজার ঘুরে এবার দেশের বাজারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শুক্রবার (১২ নভেম্বর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। দেশে মুক্তি উপলক্ষে দেশীয় সংবাদকর্মীদের সঙ্গে আড্ডায় মেতেছেন এ অভিনেত্রী। বাঁধনের ভাষায়, অনানুষ্ঠানিক আড্ডা।

আড্ডায় উপস্থিত ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, কাস্টিং ডিরেক্টর ইয়াসির হক প্রমুখ। অভিনেত্রী জানালেন, কানে যাওয়ার কারণে সিনেমাটি নিয়ে বিদেশি সংবাদকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও সে সময় দেশীয় সংবাদকর্মীদের সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি।

তার এ যাত্রায় পাশে থাকার জন্য দেশীয় সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন। দর্শকদের আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটির সঙ্গে আমাদের বহু ত্যাগ মিশে আছে। আশা করব, সবাই বড়পর্দায় সিনেমাটি দেখবেন।’ জানা গেছে এখন পর্যন্ত ১২টি হল চূড়ান্ত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার।

আড্ডায় বাঁধন জানান, ৩৮ বছরের এই জীবনে বহুবার পিছলে পড়েছেন, হোঁচট খেয়েছেন। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের হতাশা থেকেই দুইবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। হোঁচট খেয়েও থেমে যাননি বাঁধন। ছুটেছেন দুরন্ত গতিতে। বাঁধন ঘুরে দাঁড়িয়েছেন ২০০৬ সালে।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলাম। ২০০৫ সালের দিকে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম। ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা জীবনের সংজ্ঞা পাল্টে দিয়েছে। সেখান থেকে সমর্থন পেয়েছি। নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছি।’

৩৪ বছর বয়স থেকে নতুন করে জীবন শুরু করেছি উল্লেখ করে বাঁধন বলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন, আমার মেয়ে আমাকে হেরে যেতে দেখছে না। ১৫ বছর পর আমার মিডিয়া জীবন শুরু হয়েছে। আমি অভিনয়ে আরও মনযোগী হতে চাই।।’

লম্বা আড্ডায় বাঁধন জানিয়েছেন তার বিভিন্ন গল্প। রেহানা হয়ে উঠা থেকে শুরু করে সবশেষ বিসিএসে তার সিনেমা নিয়ে প্রশ্ন- সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী। মনে হয়েছে, আগের চেয়ে বেশ আত্মবিশ্বাসী বাঁধন। এগিয়ে যেতে চান আপন গতিতে। এরই মধ্যে প্রমাণও দিয়েছেন তার ছুটে চলার। গণ্ডি পেরিয়ে টালিউড, বলিউডেও পা রেখেছেন আজমেরী হক বাঁধন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...