Don't Miss
Home / সারাদেশ / কালবৈশাখীর প্রভাবে ২ নম্বর সতর্কতা সংকেত

কালবৈশাখীর প্রভাবে ২ নম্বর সতর্কতা সংকেত

এমএনএ রিপোর্ট : মৌসুমী বায়ুর প্রভাবে আজ বুধবার বিকেল থেকে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টিও হচ্ছে এসব এলাকায়। এ জন্য উত্তাল হয়ে আছে দেশের নদ-নদীগুলো। বৈরী এই আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাটসহ দেশের উত্তর, মধ্যাঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের নৌবন্দরগুলো থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কথা জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সাড়ে পাঁচটার আগে ঢাকা সদরঘাটসহ যেসব নৌবন্দর থেকে নৌযান চলে গেছে, সেগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া একই দিক থেকে দেশের অন্যান্য এলাকার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

২০ এপ্রিল রাত একটা পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...