Don't Miss
Home / হোম স্লাইডার / কিংবদন্তি ইতালীয় ফুটবলার পাওলো রসির জীবনাবসান
পাওলো রসি

কিংবদন্তি ইতালীয় ফুটবলার পাওলো রসির জীবনাবসান

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ফুটবলে যেন একের পর এক শোকের আঘাত আসছেই। ডিয়েগো ম্যারাডোনা, পাপা বুবে দিওপ, আলেহান্দ্রো সাবেয়ার পর এবার চলে গেলেন ১৯৮২ বিশ্বকাপের সোনালী ছেলে পাওলো রসি। কাল ৬৪ বছর বয়সে মারা গেছেন তিনি, নিশ্চিত করেছেন তার স্ত্রী ও ইতালির রাই স্পোর্টস।

জুভেন্টাস এবং এসি মিলানের প্রাক্তন এই স্ট্রাইকার ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে ইতালিকে প্রায় একাই চ্যাম্পিয়ন করেছিলেন। ৬টি গোল করে সেবার গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে ইতালির ৩-২ ব্যবধানে চিরস্মরণীয় জয়ে তিনটি গোলই করেছিলেন রোসি। এর পর পোল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ইতালির প্রথম গোল রোসিরই। শেষ পর্যন্ত ইতালি ৩-১ ব্যবধানে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

বিশ্বকাপ, সোনার বল, সোনার বুট তিনটি খেতাব একই বছরে জেতার নজির প্রথম তৈরি করেন পাওলো রোসি। পরে এই কৃতিত্ব আর এক জনই দেখিয়েছেন, ২০০২ সালে ব্রাজিলের রোনাল্ডো। সেই বছর স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জিতে নেন তিনি।

১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ইতালির হয়ে ৪৮টি ম্যাচে ২০টি গোল রয়েছে তার। ভিসেনজার হয়ে ক্লাব ফুটবল শুরু। এর পর পেরুজিয়ার হয়ে এক বছর খেলে ১৯৮১ সালে জুভেন্টাসে চলে আসেন। সেখান থেকে তারকা হতে খুব বেশি সময় নেননি তিনি। জুভেন্টাসের হয়ে ৮৩টি ম্যাচে ২৪ গোল করেন। ১৯৮৫ সালে এসি মিলানে চলে আসেন। সেখানে এক বছর খেলেন। ক্লাব ফুটবলে মোট ৩৩৮ ম্যাচে ১৩৪টি গোল আছে তার। দু’বার সিরি আ জেতেন। ১টি ইউরোপিয়ান কাপও রয়েছে তার ক্যারিয়ারে।

১৯৫৬ সালের ২৩ ডিসেম্বর জন্ম এই কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৬৪ বছর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...