Don't Miss
Home / কৃষি ও খাদ্য / খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় রিপোর্টঃ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) অর্জনের প্রয়াস চালিয়ে যাওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাভাইরাস আমাদের কিছুটা পিছিয়ে দিলেও, জনগণ যেনো খাদ্য সংকটে না ভোগে তা নিশ্চিত করতে মহামারির মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির যে ধারা তৈরি হয়েছে তা বজায় রাখতে হবে।

মঙ্গলবার সকালে নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সাপ্তাহিক বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের অন্য সদস্যরা রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুম থেকে বৈঠকে যুক্ত হন।

একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা গত ১১ বছরে কৃষিখাতের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশদভাবে তুলে ধরেন।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারের দাম কমানো, ভালো মানের বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে আসছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, দুই কোটি কৃষককে কৃষি উপকরণ সরবরাহ করার জন্যে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক কোটি কৃষক ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর একাধিকবার সারের মূল্য কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির শাসনামলে প্রতি কিলোগ্রাম ডিএপি সারের মূল্য ছিলো ৯০ টাকা। কিন্তু এখন কৃষকরা সেই সার পাচ্ছেন মাত্র ১২ টাকায়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো উল্লেখ করেন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ দলের সব সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা বোরো মৌসুমে ধান কাটায় কৃষকদের সহায়তা করেছে। ধান কাটার সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দলের যেসব নেতা-কর্মীরা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা যদি সবার ঘরে খাবার নিশ্চিত করতে পারি, তাহলে অন্যান্য সমস্যার সমাধানও করা যাবে।

শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিতে কোভিড-১৯ এর আঘাত সত্ত্বেও এসডিজি অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সবগুলো এসডিজি অর্জনের টার্গেট আমাদের রয়েছে। আমরা আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি অর্জনের জন্য ১৭টি লক্ষ্য অন্তর্ভুক্ত এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা এসডিজি অর্জনে সক্ষম হবো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...