খালেদা জিয়াকে নিয়ে প্রশ্নের জবাব দেয়ার সময় নেই : কাদের
Posted by: News Desk
February 19, 2020
এমএনএ রিপোর্ট : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে বারবার প্রশ্ন করায় বিরক্ত হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদের অনেক কর্মসূচি রয়েছে। অনেক কাজ। দেশের কাজ, দলের কাজ। একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেব সেই সময় তো আমার হাতে নেই। এ নিয়ে অনেক কথা হয়েছে।’ এ বিষয়ে তিনি আদালতের আদেশের বিষয়ে অপেক্ষা করতে বলেন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে বিশেষ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা বলেন। এ সভাটি আওয়ামী লীগের ঢাকা বিভাগের সব সাংগঠনিক, জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়।
এসময় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, এই প্রশ্নটি করবেন না। তিনি আদালতে আবেদন করেছেন, আদালতই বিষয়টি ঠিক করবেন। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় যেটা হবার সেটাই হবে। আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। এটা আওয়াম লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারও হাতে নেই, আমাদের এখতিয়ারে নেই। কাজেই বারবার এ বিষয়ে প্রশ্ন করে বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব আমি দেব না।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে তার কারাজীবনের দুই বছর কেটে গেছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল মাসে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। গত ১১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ছয় স্বজন তাকে হাসপাতালে দেখে আসেন। বেরিয়ে এসে তারা জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য তারা বিদেশ নিয়ে যেতে চান। এ জন্য প্যারোলে মুক্তি দিলে তাতে তাদের আপত্তি থাকবে না। অবশ্য প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতারা দ্বিধাবিভক্ত। খালেদা জিয়ার জামিন চেয়ে আজ বুধবার আবারও আবেদন করেছে বিএনপি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি যদি কোনো ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়, কোনো কারণে মন্দা দেখা দেয়, তার প্রভাব সারাবিশ্বেই থাকে। তবে করোনা ভাইরাস আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে পারে, সে অবস্থা এখনও আসেনি। করোনা ভাইরাস আড়াই মাসের বেশি দীর্ঘায়িত হলে আমাদের চলমান কাজের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘদিন থাকলে পদ্মা সেতুর কাজে কিছুটা প্রভাব পড়তে পারে। পদ্মা সেতুতে কর্মরত চীনের আড়াইশ কর্মী, শ্রমিক স্বদেশে নববর্ষের ছুটিতে গেছেন । তারা এখনও আসেননি। করোনা ভাইরাসের যে প্রতিক্রিয়া, এরপরও তিনটি স্প্যান আমাদের বসে গেছে। আগামীকালও একটি স্প্যান বসার কথা। যারা ছুটিরে কারণে চীনে আছেন, আগামী আড়াই মাসের মধ্যে তারা ফিরে না আসলে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে আগামী দুই মাসের কাজে এর কোনো প্রভাব পড়বে না।
দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বড় নির্দেশনা দল সাজাতে হবে। সাংগঠনিকভাবে সুশৃঙ্খল করতে হবে। সংগঠনের সময়ের চাহিদা মেটাতে কাজ করতে হবে।
তিনি বলেন, দল ক্ষমতায় থাকায় সাংগঠনিক দুর্বলতা টের পাচ্ছেন না। অনেক জায়গায় দেখা যায় সভাপতি-সাধারণ সম্পাদক হয়ে আছেন। আট-১০ বছর হয়ে গেছে আর কেউ নেই। পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আবার অনেকে পূর্ণাঙ্গ কমিটি জমা দিচ্ছে, অনুমোদন পেতে পেতে ছয় মাস। সম্মেলন করতে বললে বলেন আমাদের তো মেয়াদ শেষ হয়নি। সম্মেলন যেদিন থেকে হবে, সময় গণনা সেদিন থেকে হবে।
কাদের বলেন, কেন্দ্রীয় সম্মেলন থেকে শিক্ষা নেন। কমিটি করতে গিয়ে নিজের লোক পকেটে ঢুকাবেন না। এতে দলের কোনো লাভ হবে না। দল ভারী করার জন্য বিতর্কিত ব্যক্তিদের আনবেন না। এছাড়া এপ্রিল থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ঢেলে সাজাবেন। এরপর জেলাগুলোর সম্মেলন হবে। ঘরে বসে কমিটি করবেন না। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এতে দল শেষ হয়ে যাবে। সম্মেলন ছাড়া কোনো কমিটি করা যাবে না।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আব্দুর রহমান, শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মোহাম্মদ মন্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা।
প্রশ্নের কাদের নিয়ে দেয়ার জবাব খালেদা জিয়াকে সময় নেই 2020-02-19