খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য ১৬ নভেম্বর
Posted by: News Desk
November 9, 2017
এমএনএ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী তারিখ ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। ওই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
পাশাপাশি খালেদা জিয়ার জামিন ধার্য তারিখ পর্যন্ত মঞ্জুর করেন আদালত।
এর আগে খালেদা জিয়ার আবারও স্থায়ী জামিনের আবেদন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
গত ২ নভেম্বর খালেদা জিয়া দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দিয়ে মামলার শুনানির দিন আজ বৃহস্পতিবার পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য রাখেন খালেদা জিয়া।
এর আগে সকাল ১১টা ৩৯ মিনিটে তিনি আদালতে পৌছেন।
পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্য আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরার জন্য দিন ধার্য ছিল।
গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিন মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন। এরপর ২৬ অক্টোবর এবং ২ নভেম্বর বক্তব্য দেন তিনি। আজও তিনি তার অসমাপ্ত বক্তব্য রাখেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি করা হয়। খালেদা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।
১৬ নভেম্বর খালেদা জিয়ার বক্তব্য অসমাপ্ত 2017-11-09