Don't Miss
Home / আইন আদালত / খালেদা জিয়ার চার মামলা স্থগিত

খালেদা জিয়ার চার মামলা স্থগিত

এমএনএ রিপোর্ট : অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা করা চার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

এসব মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা আবেদন শুনে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়।

এর মধ্যে তিনটি মামলা দারুসসালাম থানার; আর একটি মামলা যাত্রাবাড়ীর।

এ চার মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

ওই রুলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত খালেদা এসব মামলায় জামিনে থাকবেন বলে জানানো হয়েছে আদেশে।

খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

আদেশের বিষয়টি জানিয়ে মনিরুজ্জামান কবীর সাংবাদিকদেরকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা চার মামলার কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি মামলা রয়েছে।

গত বছর এসব মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

এর আগে হাই কোর্টের একই বেঞ্চ গত রবিবার দারুসসালাম থানার নাশকতার দুটি মামলাসহ তিনটি নাশকতার মামলা কার্যক্রম স্থগিত করে দেয়।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...