Don't Miss
Home / পরিবেশ ও জলবায়ু / খালের মানচিত্র ও ডেটাবেস তৈরিতে ৩১ কোটি টাকার প্রকল্প নিলো সরকার

খালের মানচিত্র ও ডেটাবেস তৈরিতে ৩১ কোটি টাকার প্রকল্প নিলো সরকার

বিশেষ প্রতিবেদক

দেশের খাল দখল ও অব্যবস্থাপনার কারণে পানি সম্পদ ব্যবস্থাপনায় সমস্যার সৃষ্টি হওয়ায় সরকার সমন্বিত উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে খাল শনাক্তকরণ ও মানচিত্রভুক্ত করার পাশাপাশি জিও-ইনফরমেশনভিত্তিক ডেটাবেস তৈরি করা হবে।

পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটির জন্য প্রায় ৩১.৫৭ কোটি টাকার কারিগরি সহায়তা অনুমোদন করা হয়েছে। এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ। প্রকল্পটি ২০২৯ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে আনুমানিক ৩০ হাজারের বেশি খাল রয়েছে। তবে অনেক খাল বর্তমানে স্পষ্ট নয় এবং বিভিন্ন স্থানে খাল ভরাট করে ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। বর্তমানে নদ-নদীর হালনাগাদ তথ্য থাকলেও খালের পূর্ণাঙ্গ ডেটাবেস না থাকায় খনন ও রক্ষণাবেক্ষণে দ্বৈততা দেখা যাচ্ছে।

প্রকল্পের আওতায় সারা দেশের খালসমূহের উৎপত্তিস্থল, আউটফল, প্রবাহপথ, বেসিন ও সাব-বেসিন চিহ্নিত করে একটি জিও-ইনফরমেশন সিস্টেমভিত্তিক নেটওয়ার্ক তৈরি করা হবে। খালের ধরন, কার্যকারিতা ও সম্ভাবনার ভিত্তিতে খালগুলোকে বড়, মাঝারি ও ছোট ভাগে শ্রেণিবিন্যাস করা হবে। বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বিবেচনা করে নেটওয়ার্ক ডিজাইন করা হবে।

স্থানীয় অবকাঠামো যেমন কালভার্ট, সেতু ও রেগুলেটরের তথ্যও ডেটাবেসে সংযুক্ত হবে। উপজেলা ও জেলা প্রশাসনের মানচিত্র, ঐতিহাসিক নথি এবং স্থানীয় জনগণের মতামত সংগ্রহ করা হবে।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংস্থাভিত্তিক দায়িত্ব স্পষ্ট হবে, সমন্বয় বৃদ্ধি পাবে এবং খাল খনন ও রক্ষণাবেক্ষণে অপচয় কমবে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচি গুরুত্ব দিয়েছে। তারেক রহমান ঘোষণা করেছেন, সরকার গঠন করলে পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন বা পুনঃখনন করা হবে।

২৬ ফেব্রুয়ারি নতুন সরকার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি সেল গঠন করেছে।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...