খাশোগিকে হত্যা করা ছিল মারাত্মক ভুল : সৌদি পররাষ্ট্রমন্ত্রী
Posted by: News Desk
October 22, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা ছিল মারাত্মক ভুল এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিষয়টি জানতেন না। মার্কিন সংবাদমাধ্যম ফক্সটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি। বিবিসি, এনডিটিভি।
গত ২ অক্টোবরে জামাল খাশোগি নিখোঁজ হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে সৌদি আরব একেকবার একেকরকম কথা বলে আসার পর এবার রিয়াদ থেকে সরাসরি এমন বক্তব্য এল।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জুবাইর এদিন জামাল খাশোগির পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। বলেছেন, ঘটনাটি একটি মারাত্মক ভুল। ভয়াবহ এক মর্মান্তিক ঘটনা। তার পরিবারের সঙ্গে আমরাও সমব্যাথী। আমরা তাদের বেদনা হৃদয়ঙ্গম করতে পারছি।
দুঃখজনকভাবে একটি গুরুতর ভুল হয়ে গেছে। এর জন্য দায়ীদের জবাবদিহি করা হবে বলে আমি তাদেরকে আশ্বস্ত করছি।
জামাল খাশোগি কিভাবে নিহত হলেন, তার দেহই বা কোথায়? সৌদি আরব জানে তা না এবং এ ঘটনায় প্রিন্স মোহাম্মদও দায়ী নন বলে জানান জুবাইর।
আল-জুবায়ের বলেন, খুনের অপারেশনে জড়িত ব্যক্তিরা সরকারি কর্মকর্তা হিসেবে তাদের যে দ্বায়িত্ব, সেটির বরখেলাপ করেছেন।
তিনি বলেন, ইস্তাম্বুলের কনস্যুলেটে খাশোগিকে খুন করে তারা ভুল করেছে। পরে এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে তারা।
তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
পররাষ্ট্রমন্ত্রী মারাত্মক ভুল খাশোগিকে সৌদি হত্যা 2018-10-22