এমএনএ রজনীতি ডেস্ক : বিদায়ী সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে’। সেই কথার রেশ ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের লাশ এখন কঙ্কালে পরিণত হয়েছে, এরপর মাটির সঙ্গে মিশে যাবে।’ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘প্রতিদিন শত শত নেতাকর্মী কোর্টে হাজিরা দিতে হয়। এই যে একটা নির্যাতন, এটা থেকে বাঁচতে ঝাঁক বেঁধে রাজপথে নামতে হবে, আন্দোলনের ডাক আসছে। কে দেখলো বা কে দেখলো না সেটা দেখার বিষয় না, একবারে ঝাঁক বেঁধে নেমে এ সরকারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এসময় বিদায়ী সংবাদ সম্মেলনে দেওয়া সিইসি নুরুল হুদার বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমার কোনও ব্যর্থতা নেই। সত্য কথা বলেছেন, নুরুল হুদার কোনও ব্যর্থতা নেই, শুধুই সফলতা আছে। কারণ ইভিএম মেশিন কিনতে গিয়ে শতকোটি টাকার দুর্নীতি এইটাতো হুদা সাহেবের সফলতা। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যে বিশেষ বক্তব্যের আয়োজন করে সেখানে কোটি কোটি টাকা খরচের যে দুর্নীতি হয়েছে, সেইটাতো হুদা সাহেবের সফলতা। নির্বাচন কমিশনে চাকরির নামে যে কোটি কোটি টাকা লোপাটের ব্যবস্থা করেছেন, তা নুরুল হুদা সাহেবের বিশাল সফলতা। সুতরাং তার কোনও ব্যর্থতা নাই।’আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লা প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

