গণপরিবহন আগামী ৫ মে পর্যন্ত বন্ধ
Posted by: News Desk
April 25, 2020
এমএনএ রিপোর্ট : করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।
যদিও ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছিল, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে গণপরিবহন চালু করা হবে।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ঔষধ, ঔষধ শিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসাবিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।
বাংলাদেশে কোভিড-১৯ রোগ দেখা দেওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।
গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল, এরপরে ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।
এই সাধারণ ছুটিতে গণপরিবহন ছাড়াও জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৮ মার্চ থেকে।
বন্ধ আগামী পর্যন্ত গণপরিবহন ৫ মে 2020-04-25