গণমাধ্যম আ’লীগের প্রতি অবিচার করছে : কাদের
Posted by: News Desk
September 23, 2018
এমএনএ রিপোর্ট : সংবাদ প্রচারে গণমাধ্যম আওয়ামী লীগের প্রতি অবিচার করছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার সকালে চট্রগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন।
চট্টগ্রাম শহরের শাহ আমানত এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দিনে সড়কপথে নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শিকলবাহার এলাকায় প্রথম পথসভায় যোগ দেন নেতারা।
ওবায়দুল কাদের বলেন, গতকাল শনিবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে ৩০ দলের সমাবেশে দুই হাজার লোকও হয়নি। কিন্তু আওয়ামী লীগের সড়ক পথের পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছে। আমাদের পথসভায় লাখ লাখ মানুষের ঢল নেমেছে।
‘মিডিয়ার একটি মহল তাদের ছবি বড় করে প্রচার করেছে, অথচ আমাদের সিঙ্গেল ছবি দিয়েছে, সমাবেশের লাখ লাখ মানুষের ছবি দেয়নি।’
সেতুমন্ত্রী আরও বলেন, ছবি না দিয়ে আমাদের জনপ্রিয়তা ঢাকা যাবে না, আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢাকা যাবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা সারা বাংলায়।
যুক্তফ্রন্টের ঐক্যে জনসমর্থন নেই দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু ঐক্যের নামে ৩০ দল সমাবেশ করেছে মহানগর নাট্যমঞ্চে।
‘তাদের আসলে জনসমর্থন নেই। জনসমর্থন থাকলে, সাহস থাকলে তারা সোহরাওয়ার্দীতে সমাবেশ করতেন,’ যোগ করেন কাদের।
চট্রগ্রামের কর্নফুলীর পথসভায় যে পরিমাণ উপস্থিতি দেখা গেছে, বিএনপি গত ১০ বছরেও এত মানুষ দেশের কোথাও জড়ো করতে পারেনি বলে দাবি করেন তিনি।
এসময় বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষকে ব্যঙ্গ করে স্লোগান দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, সারা দেশে নৌকার পালে হাওয়া লেগেছে। সবাই বলেন, ধানের শীষ পেটের বিষ, ধানের শীষ সাপের বিষ।
ওবায়দুল কাদের বলেন, ১০ বছরে ১০ দিনও আন্দোলন করতে পারেনি বিএনপি। বিভিন্ন সময়ে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের ওপর ভর করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছেন তারা। গুজব-সন্ত্রাস চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এই গুজব-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ কোনো জাতীয় ঐক্য হতে পারে না। জাতীয়তাবাদী সাম্প্রদায়িকতার কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশে নেই।
নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা বাংলার ঘরে। আগামী নির্বাচনেও বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
ওবায়দুল কাদের ছাড়াও এ জনসভায় বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলটির এ নির্বাচনী সড়কযাত্রা শুরু হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সফরের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গত ৩০ আগস্ট আকাশপথে ঢাকা থেকে সিলেট গিয়ে সেখানে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের নেতারা। পরে ৮ সেপ্টেম্বর ঢাকা-নীলফামারী রুটে নির্বাচনী ট্রেনযাত্রা করেন দলটির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা। আগামী ২৫-২৬ সেপ্টেম্বর ঢাকা-পটুয়াখালী-বরগুনা লঞ্চযাত্রা করবেন তারা।
গণমাধ্যম আ'লীগের কাদের করছে প্রতি অবিচার 2018-09-23