গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৮
Posted by: News Desk
April 1, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ২৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, পটুয়াখালীর হাসান (৩২), ওই বাসের সুপারভাইজার ঝালকাঠির বাসিন্দা অসীম মাঝি (২৮) ও আগৈলঝাড়ার দীপন বিশ্বাস (২৮)। বাকি ৪ যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার বিশম্বরদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলাম জনান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশম্বরদি এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
বাসটি সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরে ২৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ পাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ দমকল বাহিনীর লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েনি।
আহতদের মধ্যে দীপন বিশ্বাস নামে ২৮ বছর বয়সী এক যুবকসহ দুইজন হাসপাতালে মারা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
নিহত দীপন বরিশাল আগৈলঝাড়ার মাখন বিশ্বাসের ছেলে।
এসআই মহিদুল জানান, নিহত বাকি ছয়জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। মৃতদের আত্মীয়স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। যদি কোনো মৃতের স্বজন না আসে তা হলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
বাস পড়ে খাদে নিহত ৮ গোপালগঞ্জে 2018-04-01