গোপীবাগে মেয়রপ্রার্থী ইশরাকের নির্বাচনী প্রচারে হামলা
Posted by: News Desk
January 26, 2020
এমএনএ রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা এ হামলা চালায়।
এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় দুপক্ষের সংঘর্ষ চলছিল।
জানা গেছে, মতিঝিলে গণসংযোগ শেষে বেলা পৌনে ১টার দিকে গোপীবাগে প্রচারণা শুরু করেন ইশরাক ও তাঁর সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইশরাক ও তাঁর সমর্থকরা গোপীবাগে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের কাছে পৌঁছালে তাতে বাধা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তাপসের সমর্থকরা। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ফাঁকা গুলি চালানোরও ঘটনা ঘটে।
এ সময় পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের একজন ক্যামেরাপারসনও রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ইশরাক সহ অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন। প্রচারণায় থাকা ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এহসানুল হুদা বলেন, আমরা মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করে টিকাটুলির দিকে ঢোকার পথে হঠাৎ করে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট লাঠিসোটা দিয়ে আমাদের উপর হামলা হয়। আমরা প্রতিহত করতে গেলে আমাদের উপর অন্তত কুড়ি রাউন্ডের মতো গুলি নিক্ষেপ করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর এই হামলা চালিয়েছে। এতে আমাদের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন এর পায়ে ইটের আঘাত লেগেছে। ইশরাকসহ আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন। আমরা এখন ইশরাকের প্রধান নির্বাচনী কার্যালয়ে গোপীবাগে অবস্থান করছি।
তিনি আরও বলেন, হামলার ঘটনার সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশরাক বলেন, প্রচারণার একপর্যায়ে গোপীবাগে আমার বাসার কাছে পৌঁছালে আওয়ামী লীগ সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেকের মাথা ফেটে গেছে। বাধা দিতে গেলে তারা আমাকেও মারতে উদ্যত হন। তাদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র দেখতে পাই। আমাদের একজন কর্মীকে আটকে রাখা হয় বলেও খবর পেয়েছি। তিনি বলেন, আপনারা শাস্ত থাকুন। আগামী ১ ফেব্রুয়ারি তারিখের ভোটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইশরাক এ এলাকায় প্রচারণা চালাবেন তা আগে থেকে জানানো হয়নি। আমাদের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তাতে বলা হয় তিনি বিকেলে গোপীবাগে প্রচারণা চালাবেন। কিন্তু তার আগে কেন প্রচারণা চালাতে গেলেন তা বোধগম্য নয়। যাই হোক, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন শান্ত।
নির্বাচনী হামলা প্রচারে গোপীবাগে ইশরাকের 2020-01-26