Don't Miss
Home / সারাদেশ / চট্টগ্রাম হালিশহরে বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৯

চট্টগ্রাম হালিশহরে বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৯

এমএনএ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুনে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনের গ্যাস সংযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরবর্তীতে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বাসাটিতে মূলত দুই ভাইয়ের পরিবার বসবাস করত। সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসার জন্য দেশে আসা তাঁদের আরেক ভাইও পরিবারসহ সেখানে অবস্থান করছিলেন। বিস্ফোরণে তিনটি পরিবারের সদস্যরাই দগ্ধ হয়েছেন।

ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

x

Check Also

টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা: নগরজীবন স্থবির, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের বরিশাল ...