Don't Miss
Home / সারাদেশ / ছাগলের মৃত্যুর খবর শেয়ার করায় গ্রেপ্তার সাংবাদিকের জামিন

ছাগলের মৃত্যুর খবর শেয়ার করায় গ্রেপ্তার সাংবাদিকের জামিন

এমএনএ রিপোর্ট : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর বিতরণ করা ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার দেয়ায় ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার সাংবাদিক আবদুল লতিফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আসামি জেল হাজতে থাকায় তার অনুপস্থিতেই এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

আজ বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নুসরাত জাবিন আদালত লতিফকে এ জামিন দেন।

১০ হাজার টাকার বন্ডের মাধ্যমে দেয়া এ জামিনে পুলিশের চার্জশিট প্রদানের আগ পর্যন্ত মুক্ত থাকবেন লতিফ। লতিফ খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

আসামিপক্ষের আইনজীবী মতিয়ার রহমান মোল্লা বলেন, অনলাইনে যে সংবাদটি প্রকাশিত হয়েছিলো, সেটি শুধু শেয়ার করেছিলেন লতিফ। এ কারণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হতে পারে না। এছাড়া প্রতিমন্ত্রী নিজেই বলেছেন, প্রকাশিত সংবাদে তার কোনো মানহানি হয়নি। তারপরও সুব্রত কুমার ফৌজদার অতিউৎসাহী হয়ে মামলা দায়ের করেছিলেন। আমরা বিষয়টি উল্লেখ করে জামিন আবেদন করলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক লতিফের মেয়ে মেহনাজ রেজা মিম্মা বলেন, বাবা জামিন পাওয়ায় আমরা খুশি। বাবাকে হয়রানি করতে মামলাটি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কর্তৃক বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দেন তিনি।

এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় লতিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদার।

গত সোমবার সন্ধ্যায় মামলা হওয়ার পর মধ্য রাতেই লতিফকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাঁর নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুস্থ ব্যক্তির মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল এদিন রাতে মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন প্রতিমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত সুব্রত ফৌজদার।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়াসংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করেছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। খবরটিতে ছাগল বিতরণ বা মৃত ছাগলের কোনো ছবি নেই। খবরে প্রতিমন্ত্রীর একটি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করা হয়েছে। এটা দেখে তাঁর (সুব্রত) মনে হয়েছে, প্রতিমন্ত্রীকে হেয়প্রতিপন্ন করতেই খবরটি ফেসবুকে শেয়ার করা হয়েছে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...