এমএনএ প্রতিবেদক
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে পুলিশের জন্য নির্দিষ্ট কোনো ‘পুলিশ কাউন্সেলর’ না থাকায় লিয়াজোঁ কার্যক্রম, তথ্য আদান-প্রদান এবং মিশনে অংশগ্রহণের সুযোগ তৈরিতে বাংলাদেশ পুলিশ পিছিয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের সদস্য পাঠানোর সংখ্যা কমেছে। এর পেছনে জাতিসংঘের বাজেট সংকোচন ও মিশনের সংখ্যা কমে আসার মতো বিষয়গুলো কাজ করছে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে সমন্বয় ও যোগাযোগের ঘাটতি আরও বেশি প্রভাব ফেলছে।
সূত্রটি বলছে, জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ, বাংলাদেশ পুলিশের সক্ষমতা তুলে ধরা এবং নতুন মিশনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে স্থায়ীভাবে একজন পুলিশ ‘কাউন্সেলর’ প্রয়োজন। বর্তমানে এ ধরনের কোনো কর্মকর্তা না থাকায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো পাওয়া যাচ্ছে না এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশের অবস্থান দুর্বল হচ্ছে।
এ ছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য নিহত বা আহত হলে ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াতেও বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের সূত্র। জাতিসংঘের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র সমন্বয়ের ক্ষেত্রে একজন নির্দিষ্ট কর্মকর্তা না থাকায় এসব জটিলতা তৈরি হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে পুলিশের ‘কাউন্সেলর’ নিয়োগের জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো ওই পদে নিয়োগ দেওয়া হয়নি।
তিনি বলেন, “পুলিশ কাউন্সেলর নিয়োগ হলে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিষয়গুলো আরও কার্যকরভাবে সমন্বয় করা সম্ভব হবে। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, সদস্যদের বিভিন্ন সমস্যা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা সহজ হবে।”
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অংশগ্রহণকারী দেশ হিসেবে পরিচিত। বাংলাদেশ পুলিশও বিভিন্ন দেশে জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করে আসছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে অংশগ্রহণ ধরে রাখতে হলে জাতিসংঘের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক পর্যায়ে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
