Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুতি সম্পন্ন, অংশ নিবেন প্রধানমন্ত্রী
Untitled design - 1

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুতি সম্পন্ন, অংশ নিবেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন বলে জানা গেছে।

তবে প্রতিকূল আবহাওয়া বা বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে জামাতে অংশ নিতে পারেন।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে বিঘ্ন না ঘটে, সে জন্য প্যান্ডেলে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ঈদগাহ সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহ ময়দানকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার সুবিধা। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নেওয়া হয়েছে অতিরিক্ত প্রস্তুতিও।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রোববার (১৫ মার্চ) ডিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...