Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতার অতিথিদের সঙ্গে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো।

জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

এমএনএ রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিতে) আয়োজিত জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হয়েছে।
চূড়ান্ত বিতর্কের বিষয়বস্তু ছিল ‘এই সংসদ, নারীর ক্ষেত্রে বিশেষায়িত সব দিবস, কোটা, আইন, সুবিধা বাতিল করব।’ পক্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি অপরাজেয় বাংলা। বিপক্ষে ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নিজেদের যুক্তিতর্কে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ছিনিয়ে নেয় অপরাজেয় বাংলা।
সরকারি দলের যুক্তি হলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। তার সঙ্গে তাল মিলিয়ে নারী-পুরুষ সমতা নিশ্চিত করে এই সুবিধা তুলে নিতে হবে। কারণ কোটা সুবিধা নারীদের জন্য অবমাননাকর। অন্যদিকে বিরোধী দলের যুক্তি হলো, নারীদের এগিয়ে নিতে এই সুবিধা দরকার।
এমন উপভোগ্য তুমুল তর্কযুদ্ধের মধ্য দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মোনালিসা প্রেজেন্টস প্রথম এসইউডিএস জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’। তিন দিনব্যাপী এ তর্কযুদ্ধের চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের অর্থি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিবেটিং সোসাইটির সারা বিনতে চৌধুরী।
গতকাল সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষে ছিলেন নীড়, অর্থি ও মেহজাবিন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রাইসা, পুতুল ও মৌ।
এর আগে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিবেটিং সোসাইটিকে হারিয়ে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ফাইনাল নিশ্চিত করে। সেরা বিতার্কিক হন ঢাবি দলের অর্থি। দ্বিতীয় সেমিফাইনালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের মুখোমুখি হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফাইনাল নিশ্চিত করে। সেরা বিতার্কিক হন মৌ।
সন্ধ্যা সাড়ে ৭টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, সহকারী প্রক্টর সামিউল ইসলাম, মো. শাকিল ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (এসইউডিএস) সভাপতি জান্নাতুল তাজরীন রিমি। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক তোফায়েল আহমদ। পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথি এবং বিচারকদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
‘তুচ্ছ করো কৃপা-করুণার দান, স্বমহিমায় জাগ্রত হউক নারীপ্রাণ’ স্লোগানে এ প্রতিযোগিতায় দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন অংশ নেয়।
x

Check Also

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ২৪ মে, শিক্ষার্থীদের টানা অবকাশ

শিক্ষাঙ্গন প্রতিবেদক আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ...